
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল। গত ৯ নভেম্বর ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদের হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছেন তিনি। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংসতা পরিচালিত হওয়ার অভিযোগও তুলেছেন এই ছাত্রনেতা।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মেহেদি হাসান হিমেল। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
পোস্টে হিমেল বলেন, গত ১৭ বছরে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি পরিবারের অসংখ্য নেতাকর্মী প্রাণ হারিয়েছেন। গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১ হাজার ৪০০ শিক্ষার্থীর রক্তের বিনিময়ে দেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ হয়েছে।
ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, মববাজির বিরুদ্ধেও তাদের অবস্থান রয়েছে। তবে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি।
হিমেল আরও বলেন, গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের অর্থ সম্পাদক রেদোয়ান আহমেদকে আটক করা হয়। তার হোয়াটসঅ্যাপে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তার সমন্বয়ে একটি গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব কর্মকর্তার অর্থায়নে সহিংস কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় আটক ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জুলাই-আগস্টের আন্দোলনে তিন হাজারের বেশি মানুষকে হত্যা এবং ৫০ হাজারের বেশি মানুষকে পঙ্গু করে দেওয়ার অভিযোগও করেন ছাত্রদলের এই নেতা। পোস্টে তিনি বিগত ১৭ বছরের গুম, খুন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে থাকা ব্যক্তিদের মধ্যে অনুশোচনার পরিবর্তে দেশকে অস্থিতিশীল করার তৎপরতা রয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আবারও ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছেন বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে হিমেল লেখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে লীগ নিধন শুরু হয়েছে। এজন্য ধন্যবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে। এরা বাংলাদেশের খায়, বাংলাদেশের পড়ে আর গান গায় ভীনদেশীদের। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ নিধনের যে কাজ শুরু হলো, এটা প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি দপ্তরে অতিশীঘ্র শুরু করতে হবে।’
আরটিভি/ এসকেডি



