
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ থেকে পাওয়া অভিজ্ঞতা দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে কাজে লাগানোর পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশের পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু অভিযোজনের কার্যকর উদ্যোগ সম্পর্কে অর্জিত জ্ঞান দেশের বাস্তবতায় প্রয়োগ করতে চায় সংগঠনটি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ছাত্রদল নেতা কাজী জিয়াউদ্দিন বাসিত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে ‘কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বাসিত সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশ নিয়েছিলেন।
কপ-৩১ সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে বাসিত বলেন, সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়টি উঠে এসেছে। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য বরাদ্দ অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব অর্থ কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের পরিবেশবিষয়ক কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করেছেন। কপ-৩১ থেকে অর্জিত অভিজ্ঞতা এসব কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়তা করবে। বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী পদ্ধতি সম্পর্কে জেনে সেগুলো দেশের প্রেক্ষাপটে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত ঝুঁকি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা ভূমিকা রাখতে চান।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গ টেনে বাসিত বলেন, কর্মসূচির ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। সরকারের চলমান খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গিয়েছেন, তাঁরাও একই ফ্লাইটে গিয়েছেন। একই হোটেলে অবস্থানের পাশাপাশি প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি অধিবেশনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। সম্মেলনের একটি প্লেনারি অধিবেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তাঁর পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল।
ছাত্রদলের আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে বাসিত আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনের আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। তিনি বলেন, ছাত্রদলে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাঁদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করেন বাসিত। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যাঁর নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তাঁর সঙ্গে চলা তাঁদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। বিষয়টি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
আরটিভি/এসআর




