ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহপাঠীর চিকিৎসায় অর্ধ লাখ টাকা সহায়তা করল রাবি ছাত্রদলকর্মী শাকিল

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
অর্জুন বিশ্বাস। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক অসুস্থ সহপাঠীর চিকিৎসায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কর্মী শাকিল দেওয়ান। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন দফায় তিনি তার সহপাঠীর চিকিৎসার জন্য প্রায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

অসুস্থ অর্জুন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি রাজবাড়ী জেলায়। গত মে মাস থেকে তিনি রক্তের সংক্রমণজনিত (ব্লাড ইনফেকশন) সমস্যায় ভুগছেন। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে এক লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ অবস্থায় সহপাঠীর অসুস্থতার খবর পেয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন শাকিল দেওয়ান। নিজের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন সময়ে অর্জুনের হাতে প্রায় ৫০ হাজার টাকা তুলে দেন তিনি।

জানতে চাইলে অর্জুন বিশ্বাস বলেন, গত মে মাস থেকে আমি ব্লাড ইনফেকশনজনিত সমস্যায় ভুগছি। দীর্ঘদিন ধরে আমার চিকিৎসা চলছে এবং এ পর্যন্ত চিকিৎসার পেছনে এক লাখ টাকারও বেশি খরচ হয়েছে। এমন পরিস্থিতিতে আমার সহপাঠী শাকিল দেওয়ান যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই অনেক বড় পাওয়া। সে বিভিন্ন সময়ে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমাকে প্রায় ৫০ হাজার টাকা সহায়তা করেছে।

এ বিষয়ে শাকিল দেওয়ান বলেন, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। অর্জুন আমার সহপাঠী ও বন্ধু। তার অসুস্থতার খবর জানার পর মানবিক জায়গা থেকেই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার একার পক্ষে এত বড় সহযোগিতা করা সম্ভব ছিল না। তাই আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিভিন্ন দফায় তার চিকিৎসার জন্য সহায়তা করেছি। আমি মনে করি, সামর্থ্য অনুযায়ী অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

এসকেডি/ আরটিভি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
নিখোঁজের প্রায় দুই দিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। হৃদয় আলী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ঠাকুরগাঁওয়ে। হৃদয় বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সহপাঠীদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হন হৃদয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।  পুলিশ তার মুঠোফোন ট্র্যাক করে ওই দিন রাত সাড়ে ৯টার দিকে নগরের শিরোইল কলোনি এলাকায় সবশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ফরিদুল ইসলাম বলেন, আমাদের এগ্রোনমি এন্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ছাত্র হৃদয় ১৯তারিখ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর  আজকে আমরা সংবাদ পেলাম  যে তাকে রাজাপুরের একটা ধান ক্ষেতের পাশে সে অজ্ঞান অবস্থায় আছে অবস্থায় ছিল।  তিনি বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে আসছি। আমাদের প্রক্টোরিয়াল বডি আমাদের এম্বুলেন্স নিয়ে আসছি এবং ডাক্তারদের সঙ্গে কথা হলো। ডাক্তাররা বললেন যে উনার পালস এবং হার্টবিট প্লাস প্রেসার সবকিছু নরমাল আছে। কিন্তু আনকনশাস মানে তার কোন স্বাভাবিক সেন্সটা নাই। উনারা ইমিডিয়েট রাজশাহী মেডিকেলে রেফার করেছেন। আমরা এখন রাজশাহী মেডিকেলে নিয়ে যাচ্ছি। উদ্ধারকৃত শিক্ষার্থীর সর্বশেষ অবস্থা নিয়ে উপাচার্য বলেন, আমরা এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। ওর রোগীর পুরোপুরি জ্ঞান ফিরলে আমরা বলতে পারব যে আসলে তার সঙ্গে কি ঘটেছিল। আরটিভি/ এসআর
নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার রাবি শিক্ষার্থী
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘Entrepreneurship Development’ (উদ্যোক্তা উন্নয়ন) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২তম তলায় সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ  কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. শহিদুজ্জামান এবং বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। চুক্তি স্বাক্ষর শেষে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উদাহরণ হিসেবে তিনি জাপানের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন।  তিনি বলেন, বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটাতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক বাজারের চাহিদাকে কাজে লাগিয়ে মানসম্মত পণ্য উৎপাদনে সক্ষমতা অর্জন করতে হবে। এ ক্ষেত্রে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ ও তা বাস্তবায়ন জরুরি। প্রতিযোগিতামূলক বিশ্বে অন্যদের চেয়ে এগিয়ে থাকতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান বলেন, ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উদ্যোগের শুরুতে নানা ধরনের ঝুঁকি ও প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে আজকের এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হলো।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হবে। অনুষ্ঠানের সভাপতি বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, বিসিকের উদ্যোগে দেশে ইতোমধ্যে ৮৪টি শিল্পনগরী গড়ে তোলা হয়েছে। প্রশিক্ষণ ও পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র শিল্প থেকেই বড় শিল্পপ্রতিষ্ঠানের বিকাশ সম্ভব।  উদাহরণ হিসেবে স্কয়ার, আরএফএল ও হেমকোর মতো প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান একসময় ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও বর্তমানে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। সঠিক পরিকল্পনা, দক্ষতা ও উদ্যোগ থাকলে ক্ষুদ্র শিল্পও একসময় বড় শিল্পপ্রতিষ্ঠানে রূপ নিতে পারে। প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি মাভাবিপ্রবি ও বিসিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং বিসিকের পক্ষে বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সমঝোতার মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে মাভাবিপ্রবির অর্থনীতি, ব্যবস্থাপনা ও হিসাববিজ্ঞান বিভাগের ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের উদ্যোক্তা উন্নয়নবিষয়ক জ্ঞান, দক্ষতা ও বাস্তবভিত্তিক ধারণা প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হবে। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং মাভাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
মাভাবিপ্রবিতে বিসিকের পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণের উদ্বোধন
জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীদের জন্য কমনরুম থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে তা কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
জবিতে নামেই কমনরুম, অস্বাস্থ্যকর পরিবেশে দুর্ভোগে ছাত্রীরা
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, অংশ নিলেন শিবির নেতারাও
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
প্রধানমন্ত্রীর জন্মদিনে ইবি ছাত্রদলের দোয়া, অংশ নিলেন শিবির নেতারাও
গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
গবেষণার ফলাফলকে শিল্প ও বাণিজ্যিক খাতে প্রয়োগের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘গবেষণার উৎকর্ষ, উদ্ভাবন ও বাণিজ্যিকীকরণে বাকৃবি-শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির বাণিজ্যিকীকরণে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বাকৃবির সাথে ১০টি শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
গবেষণার বাণিজ্যিকীকরণে বাকৃবির সঙ্গে ১০ শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমঝোতা
আরও পড়ুন
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীকে মারধর
ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী
রাবি প্রশাসন ভবনের মূল ফটকে আম্মারের তাস খেলার আসর 
রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মেলন ১৯-২০ ডিসেম্বর