
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের দপ্তরে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায় জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের তিন নেতাসহ চার কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
সাময়িক বহিষ্কৃত কর্মকর্তারা হলেন জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সহসভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার কর্মকর্তা ড. জিয়াউল হক, ফোরামের সভাপতি ও রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তা ড. রোকনুজ্জামান, ফোরামের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় লাইব্রেরির গ্রন্থাগারিক মামদুদুর রহমান এবং সংস্থাপন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
এর আগে, ৪ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর দপ্তরে দুই শিক্ষকের মধ্যে অভ্যন্তরীণ চিঠি আদান-প্রদান নিয়ে আলোচনার একপর্যায়ে কর্মকর্তাদের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এতে বাংলা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম আহত হন। তাঁর বাম চোখের নিচে আঘাত লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় ৫ নভেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্ত শেষে ২৫ নভেম্বর প্রতিবেদন জমা দেওয়া হয়।
আরটিভি/টিআর




