
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পরীক্ষার্থীর পরিচয় গোপন রাখার উদ্যোগ নিচ্ছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীর নাম, রোল নম্বর ও ব্যক্তিগত পরিচয়ের পরিবর্তে নির্দিষ্ট কোড ব্যবহার করে উত্তরপত্র মূল্যায়নের এ পদ্ধতি ইতোমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে। একই উদ্যোগ নিচ্ছে দেশের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি) পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে প্রাথমিকভাবে ছয়টি বিভাগে কোডিং পদ্ধতি বাস্তবায়ন শুরু হয়েছে। এ পদ্ধতিতে উত্তরপত্রের মলাটে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও নির্দিষ্ট কোডের জন্য পৃথক অংশ রাখা হয়। পরীক্ষকের কাছে খাতা পাঠানোর আগে পরিচয়-সংক্রান্ত অংশটি আলাদা করে সংরক্ষণ করা হয়। ফলে পরীক্ষক শিক্ষার্থীর নাম, রোল নম্বর বা পরিচয় না জেনেই উত্তরপত্র মূল্যায়ন করতে পারেন।
এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে পরীক্ষামূলকভাবে কোডিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এ পদ্ধতি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্টদের মতে, প্রচলিত পদ্ধতিতে পরীক্ষার খাতায় শিক্ষার্থীর রোল নম্বর দৃশ্যমান থাকায় পূর্বপরিচিত শিক্ষার্থীদের শনাক্ত করার সুযোগ তৈরি হতে পারে। এতে মূল্যায়নের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক, পরিচিতি কিংবা অন্য কোনো কারণে পক্ষপাতের আশঙ্কা থাকে। কোডিং পদ্ধতিতে পরীক্ষার্থীর পরিচয় গোপন থাকায় এ ধরনের ঝুঁকি কমানো সম্ভব। পাশাপাশি শিক্ষার্থীর মেধা ও উত্তরপত্রের মানের ভিত্তিতে নম্বর দেওয়ার পরিবেশ তৈরি হতে পারে।
হাবিপ্রবিতেও পরীক্ষার খাতা মূল্যায়নে পক্ষপাতিত্বের অভিযোগ ও অসন্তোষের বিষয়টি আলোচনায় এসেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কম নম্বর দেওয়ার অভিযোগ তোলেন।
এ বিষয়ে কৃষি অনুষদের শিক্ষার্থী দিশা বলেন, কোডিং পদ্ধতি চালু হলে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ পদ্ধতি চালু হচ্ছে। তাই শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে আমাদের বিশ্ববিদ্যালয়েও এ পদ্ধতি চালু করা উচিত।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের শিক্ষার্থী আরাফাত বলেন, কোডিং পদ্ধতি চালু হলে খাতা মূল্যায়নে স্বজনপ্রীতির সুযোগ কমবে এবং পরীক্ষার ফলাফলের প্রতি শিক্ষার্থীদের আস্থা বাড়বে। তাই প্রশাসনের উচিত এ পদ্ধতি চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।
হাবিপ্রবির প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. মোবারক হোসেন বলেন, কোডিং পদ্ধতি একটি আধুনিক ব্যবস্থা। আমরা মাঝেমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে এমন অভিযোগ পাই যে, তারা প্রত্যাশিত ফলাফল পাননি কিংবা কোনো কারণে রোষানলের শিকার হয়েছেন। কোডিং পদ্ধতি চালু হলে এ ধরনের বৈষম্য কমানো সম্ভব। আমি হাবিপ্রবিতে এ পদ্ধতি চালুর বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।
শিক্ষার্থীদের প্রত্যাশা, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হাবিপ্রবিতেও দ্রুত কোডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরটিভি/টিআর




