
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ব্যাংকের উদ্যোগে শুরু হয়েছে ‘রাজশাহী ইউনিভার্সিটি ব্যাংকিং ফেয়ার ২০২৬’। শিক্ষার্থীদের ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ‘সেলফিন’-এর সঙ্গে পরিচিত করতে এবং অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করতেই এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে গত রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া এ ক্যাম্পেইন আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেষ হতে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সেলফিনে নিবন্ধনের মাধ্যমে বিনা মূল্যে ভার্চুয়াল ডুয়েল-কারেন্সি কার্ড এবং সর্বনিম্ন হারে ফি পরিশোধের সুবিধা রয়েছে। পাশাপাশি থাকছে ক্যাম্পাসভিত্তিক লটারি ও মেগা লটারিতে অংশ নেওয়ার সুযোগ। মেগা লটারিতে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনসহ মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে বলে জানান তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, ভবনের সামনে স্থাপিত বুথে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা। ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে বুথে ভিড় করছেন তাঁরা। এ সময় প্রতিনিধিরা শিক্ষার্থীদের ক্যাম্পেইন-সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেহাল রাফি বলেন, ক্যাম্পাসের সামনেই বুথ থাকায় খুব সহজে সেলফিনে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। সেলফিন অ্যাপের মাধ্যমে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা লেনদেন করতে হবে না ভেবে ভালো লাগছে।
ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখা থেকে আসা এক কর্মকর্তা বলেন, আমরা মূলত ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। এনআইডির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ অ্যাকাউন্টে কোনো চার্জ নেই। আমরা ক্যাম্পাসের লোগোযুক্ত সুন্দর কার্ড দিচ্ছি, যা দেশের বাইরের পেমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। গত চার দিনে আমরা প্রায় ৩০০ শিক্ষার্থীর অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। এর আগে রাজশাহী কলেজে গিয়েছিলাম। এ সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। আগামী সপ্তাহে অন্য কোনো ক্যাম্পাসে যাব।
আরটিভি/টিআর




