ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তির জন্য আগামী ৫ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। আবেদন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৯ ও ৩০ জানুয়ারি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের শিক্ষাবর্ষে ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্স (FEOS), ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (FET), ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি (FMGP) এবং ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনের (FSA) অধীনে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে মাধ্যমিক (এসএসসি) এবং ২০২৫ অথবা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের যোগ্যতার ক্ষেত্রে আর্থ অ্যান্ড ওশান সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের জন্য বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সম্মিলিত জিপিএ ৭.৫০ থাকতে হবে। এইচএসসি পর্যায়ে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম ‘এ’ গ্রেড এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

অন্যদিকে, মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি এবং শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদে যেকোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং সম্মিলিত জিপিএ ৭.০০ থাকতে হবে। এ ক্ষেত্রে সব বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের, সময় ৯০ মিনিট। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। মেধাতালিকা তৈরিতে ভর্তি পরীক্ষার নম্বরের পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল বিবেচনা করা হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষার নম্বরের ৭০ শতাংশ, এইচএসসি বা সমমানের ফলের ২০ শতাংশ এবং এসএসসি বা সমমানের ফলের ১০ শতাংশ যুক্ত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের এবং একই দিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ৩০ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি অনুষদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও কার্ডের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করা যাবে। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত। আগামী বছরের মে মাসে ক্লাস শুরু হওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (applyonline.bmu.edu.bd) থেকে আবেদন করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bmu.edu.bd) থেকে জানা যাবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে ব্যাংকের ব্যাংকিং ফেয়ার, অ্যাকাউন্ট খুললেই লটারির সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামী ব্যাংকের উদ্যোগে শুরু হয়েছে ‘রাজশাহী ইউনিভার্সিটি ব্যাংকিং ফেয়ার ২০২৬’। শিক্ষার্থীদের ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ‘সেলফিন’-এর সঙ্গে পরিচিত করতে এবং অ্যাকাউন্ট খুলতে উৎসাহিত করতেই এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে গত রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া এ ক্যাম্পেইন আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেষ হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানান, সেলফিনে নিবন্ধনের মাধ্যমে বিনা মূল্যে ভার্চুয়াল ডুয়েল-কারেন্সি কার্ড এবং সর্বনিম্ন হারে ফি পরিশোধের সুবিধা রয়েছে। পাশাপাশি থাকছে ক্যাম্পাসভিত্তিক লটারি ও মেগা লটারিতে অংশ নেওয়ার সুযোগ। মেগা লটারিতে ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোনসহ মোট ২০টি আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে বলে জানান তাঁরা। সরেজমিনে দেখা গেছে, ভবনের সামনে স্থাপিত বুথে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন শিক্ষার্থীরা। ক্যাম্পেইন সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে বুথে ভিড় করছেন তাঁরা। এ সময় প্রতিনিধিরা শিক্ষার্থীদের ক্যাম্পেইন-সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেহাল রাফি বলেন, ক্যাম্পাসের সামনেই বুথ থাকায় খুব সহজে সেলফিনে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে। সেলফিন অ্যাপের মাধ্যমে এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা লেনদেন করতে হবে না ভেবে ভালো লাগছে। ইসলামী ব্যাংকের রাজশাহী নিউমার্কেট শাখা থেকে আসা এক কর্মকর্তা বলেন, আমরা মূলত ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। এনআইডির মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ অ্যাকাউন্টে কোনো চার্জ নেই। আমরা ক্যাম্পাসের লোগোযুক্ত সুন্দর কার্ড দিচ্ছি, যা দেশের বাইরের পেমেন্টের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। গত চার দিনে আমরা প্রায় ৩০০ শিক্ষার্থীর অ্যাকাউন্ট খুলে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। এর আগে রাজশাহী কলেজে গিয়েছিলাম। এ সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। আগামী সপ্তাহে অন্য কোনো ক্যাম্পাসে যাব। আরটিভি/টিআর
রাবিতে ব্যাংকের ব্যাংকিং ফেয়ার, অ্যাকাউন্ট খুললেই লটারির সুযোগ
চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত চান অচলাবস্থার সমাধান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাসে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে পৌঁছান শিক্ষার্থীরা। সেখানে দীর্ঘদিন ধরে চলমান সংকটের সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা ‘আমরা কী চাই? সমাধান, তোমরা কী চাও? সমাধান, চুয়েট কী চায়? সমাধান’, ‘শরিফের ঠিকানা, এই চুয়েটে হবে না’, ‘যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি আমার না’, ‘আইইবি নীরব কেন? জবাব চাই, জবাব চাই’ এবং ‘প্রহসনের ভিসি, মানি না মানব না’—এমন বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের অচলাবস্থার কারণে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি, লেখার কালি, পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র তৈরির কাগজসহ বিভিন্ন জরুরি সামগ্রীর সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ মাস ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সহকারীদের বেতন বন্ধ রয়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা। শিক্ষার্থীদের পক্ষ থেকে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহিল গালিব বলেন, আপনারা আমাদের ক্লাসে ফিরতে সাহায্য করুন। আমরা ক্লাসে ফিরতে চাই। আমাদের সেই সুযোগটা করে দিন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সরকারের যাঁরা নীতিনির্ধারক রয়েছেন, তাদের সবার কাছে আমাদের আবেদন—আমরা এই মুহূর্তে একজন ভিসি চাই। আমাদের এই প্রশাসনিক সমাধানটা করে দিন। আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করে ক্লাস-পরীক্ষায় ফিরে যাব। কর্মসূচিতে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, সেশনজট এড়িয়ে চুয়েটের শিক্ষা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আইইবি চট্টগ্রাম কেন্দ্রের না থাকলেও সরকারের নীতিনির্ধারণী মহলে শিক্ষার্থীদের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরে কার্যকর সমাধানের পথ তৈরিতে তারা কাজ করছেন। তিনি আরও জানান, এ বিষয়ে আইইবির কেন্দ্রীয় নেতাদের ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পাশাপাশি সরকারের সচিব পর্যায়সহ উচ্চপর্যায়ে দায়িত্ব পালনরত চুয়েটের সাবেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলে পৌঁছানো হয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অবস্থান কর্মসূচি শেষে আইইবি চট্টগ্রাম কেন্দ্র থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নগরীর কাজীর দেউড়ি মোড় প্রদক্ষিণ করে পুনরায় আইইবি চট্টগ্রা‌ম কেন্দ্রে গিয়ে শেষ হয়। আরটিভি/টিআর
চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, দ্রুত চান অচলাবস্থার সমাধান
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
দক্ষিণাঞ্চলের নারী শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করেছে বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। বরিশাল বিভাগে মেয়েদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সরকারি মহিলা পলিটেকনিক এটি। আধুনিক প্রযুক্তিনির্ভর এই শিক্ষার মাধ্যমে নারীদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা ও ক্ষমতায়নের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, ভর্তি হতে লাগবে যে যোগ্যতা
শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন
প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০২৬’।
শুক্রবার জাবিতে বসছে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। শাটডাউন চলাকালে বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।  বুধবার (২৫ নভেম্বর) রাতে চলমান আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়। ঘোষণায় বলা হয়, গত দুই মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করেছেন। তবে দুঃখজনকভাবে, চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি। ফলে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকাণ্ডেও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।এ অবস্থায় সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ২৬ নভেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, “বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।” এদিকে, শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। এমতাবস্থায় প্রায় এক মাস পর পুনরায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরটিভি/জেএমএ
চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
আরও পড়ুন
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
নৌবাহিনী পদক পেলেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য
শিক্ষার্থীদের নিরাপত্তায় দুই দিন অনলাইন ক্লাসের দাবি বিএমইউ স্টুডেন্টস প্ল্যাটফর্মের
মেরিটাইম ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনারে গবেষণা পোস্টার আহ্বান