
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল রানা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারির মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এ অফিস আদেশে বলা হয়, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে আগামী ১ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০৩ সালের ১৯ জুলাই জারীকৃত বাংলাদেশ গেজেটে প্রকাশিত ২০০৩ সালের ৩২ নম্বর আইনের ২৫(২) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অধ্যাপক ড. মো. সোহেল রানা ২০০৮ সালের ১৮ ডিসেম্বর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৩ সালের ২ জুন সহকারী অধ্যাপক, ২০১৮ সালের ১ ডিসেম্বর সহযোগী অধ্যাপক এবং ২০২১ সালের ৩০ মে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
শিক্ষাজীবনে তিনি ২০০৮ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে তড়িৎ প্রকৌশলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের স্কুল অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশনে রিসার্চ পাবলিকেশন ফেলো, রিসার্চ অ্যাসোসিয়েট ও ভিজিটিং ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। রুয়েটে শিক্ষকতার পাশাপাশি তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকেও প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার গবেষণার ক্ষেত্রগুলোর মধ্যে কন্ট্রোল থিওরি ও কন্ট্রোল অ্যাপ্লিকেশন, ন্যানো পজিশনিং, মেকাট্রনিকস এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার সমন্বয়ের মতো বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, তার ২৫টি জার্নাল আর্টিকেল এবং ৩টি বই বা বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. সোহেল রানা।
আরটিভি/জেএমএ




