
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের অনাপত্তি সনদ (এনওসি) নিতে পাঁচটি নির্দেশনা অনুসরণ করতে হবে। নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া মেনে আবেদন সম্পন্ন করার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অনাপত্তি সনদ দেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্টস এনওসি’ প্রযোজ্য হবে। এ জন্য নির্ধারিত আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। ফরমে আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষরের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগের সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের সুপারিশ ও স্বাক্ষর থাকতে হবে।
আবেদনের সঙ্গে নিয়ম অনুযায়ী নির্ধারিত ফি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীর পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মসনদ ও পাসপোর্টের ফটোকপি সংযুক্ত করতে হবে।
এ ছাড়া ভ্রমণের উদ্দেশ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র এবং সংশ্লিষ্ট বিভাগের সভাপতি বা ইনস্টিটিউটের পরিচালকের স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদন যথাযথভাবে প্রক্রিয়াকরণ শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুমোদন ও স্বাক্ষরে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অনাপত্তি সনদ দেওয়া হবে।
আরটিভি/এসআর




