
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত সক্ষমতা বাড়াতে ৪ হাজার ১৯৯ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ প্রকল্পের আওতায় ৫০ শয্যার স্বতন্ত্র মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা ও মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডেটা সায়েন্স, অটোমোবাইলস ও নার্সিং বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আল-ফোরকান এসব পরিকল্পনার কথা জানান।
প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পে চিকিৎসাশিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেডিকেল হাসপাতাল ও মেডিসিন অ্যান্ড হেলথ ফ্যাকাল্টি প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে নিজস্ব উদ্যোগে এমবিবিএস চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি করতে চায় প্রশাসন। এ ছাড়া সময়োপযোগী উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর কর্মবাজারের চাহিদা বিবেচনায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব আগামী সিন্ডিকেট সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে। পরে অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠাবে প্রশাসন।
গবেষণার পরিবেশ সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের আর্থিক সহায়তার উদ্যোগও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য জানান, এমএসসি থিসিসের শিক্ষার্থীদের মাসিক ১০ হাজার, এমফিল গবেষকদের ১৫ হাজার এবং পিএইচডি গবেষকদের সর্বোচ্চ ৪০ হাজার টাকা পর্যন্ত গবেষণা বৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। গবেষণায় তত্ত্বাবধানকারী শিক্ষকদেরও সম্মানী দেওয়ার উদ্যোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগাতে ইন্ডাস্ট্রি অ্যান্ড অ্যাকাডেমিয়া কোলাবরেশন সেল গঠন করছে প্রশাসন। শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন, প্রযুক্তি ও ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যা সমাধানে গবেষণা প্রকল্পে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ গবেষণা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান উপাচার্য।
শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম ছয় মাস সফট স্কিল ও কর্মমুখী দক্ষতার প্রশিক্ষণ দিতে চায় প্রশাসন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে, স্নাতকের শেষ পর্যায়ে ছয় মাসের ইন্টার্নশিপ এবং মাসিক ১০ থেকে ১৫ হাজার টাকা ফেলোশিপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। উপাচার্য বলেন, এসব প্রস্তাব ইতিমধ্যে ইউজিসিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিশন প্রস্তাবগুলো ইতিবাচকভাবে পর্যালোচনা করছে।
এছাড়া কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও সুদৃঢ় করতে শিক্ষকদের আন্তর্জাতিক যোগাযোগ ও গবেষণা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। পাশাপাশি শিক্ষার গুণগত মান বাড়াতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) পদ্ধতির কার্যকর বাস্তবায়নেও গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে উপাচার্য বলেন, আগামী পাঁচ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানসম্পন্ন ও কর্মমুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য রয়েছে। শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষার্থীদেরও পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে হবে।
আরটিভি/জেএমএ



