
সব্যসাচী চৌধুরী গত সোমবার (১৪ নভেম্বর) ঐন্দ্রিলার আরোগ্য কামনায় ফেসবুকে একটি পোস্ট করেন। আর সেই পোস্টকে ঘিরেই ঐন্দ্রিলার বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে টালিপাড়ায় শুরু হয়েছে গুঞ্জন। সব্যসাচী ওই পোস্টে লিখেছিলেন, কখনও ভাবিনি এখানে এটা লিখব, আজ লিখলাম। সমাই ঐন্দ্রিলার মিরাকলের জন্য প্রার্থনা করুন। সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনায় একের পর এক শুভেচ্ছাবার্তা জমা হয়। পরমব্রত চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীসহ অনেকেই মনের কথা ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) পরমব্রত ফেসবুকে ঐন্দ্রিলা ও সব্যসাচীর একটি ছবি পোস্ট করে লেখেন, ঐন্দ্রিলা এবং তার সঙ্গীর জন্য সবাই প্রার্থনা করুন। আমি তোমাদের দু’জনকে ব্যক্তিগতভাবে না জানলেও তোমাদের এ লড়াইকে সাধুবাদ জানাই। সব্যসাচীকে উদ্দেশ্য করে বলেন, শুরু থেকেই তুমি ঐন্দ্রিলার এই লড়াইয়ে পাশে আছ, তা ভালোবাসার প্রতি এক নতুন বিশ্বাস সৃষ্টি করেছে। তোমার কথা আমি শুনতে পেয়েছি, অবশ্যই কোনো মিরাকলের জন্য প্রার্থনা করব।
সুদীপ্তাও লিখেন, কারো জন্য প্রার্থনা করলে কি কোনও ফল পাওয়া যায়? আমার জানা নেই। যদি ফল পাওয়া যায়, তা হলে মন থেকে ঐন্দ্রিলা এবং সব্যসাচীর জন্য প্রার্থনা করছি। এই লড়াইটা ওদের জিততেই হবে। মিরাকল কিছু একটা ঘটুক।
‘গাঁটছড়া’ ধারাবাহিকের রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়ও তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে জানান, মনে মনে প্রার্থনা করে গিয়েছি যেন মেয়েটা খুব দ্রুত সুস্থ হয়ে ওঠুক। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা, আগেও যে ভাবে ও লড়াই করে ফিরে এসেছে, এ বারও যেন তার পুনরাবৃত্তি হয়। সব্যসাচীকে দেখে আমি অনেক অবাক হয়ে যাই। ভগবান এখন আর এদের মতন প্রেমিক বানায় না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে শুধু এরাই জানে।




