শরিফুল রাজ ও তানজিন তিশার মাসহ ৫ জন পেলেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১০ মে ২০২৬ , ০১:৪৭ পিএম


শরিফুল রাজ ও তানজিন তিশার মাসহ ৫ জন পেলেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’
ছবি: আরটিভি

পরিবার ও সমাজে মায়ের ঋণ অসীম। সন্তানদের সাফল্যের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে। জীবনের প্রতিটি পদক্ষেপে সন্তানের স্বপ্ন পূরণে মা এক চিরন্তন যোদ্ধা। মায়ের সেই ঋণ কারো পক্ষেই কোনোদিন শোধ করা সম্ভব নয়। সমাজে মায়েদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে ‘আন্তর্জাতিক মা দিবসে’ আরটিভি আয়োজন করেছে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’।

রাজধানীর ৯৫ তেজগাঁও, বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত এই আয়োজনে আনুষ্ঠানিকভাবে ৫ জন স্বপ্নজয়ী মায়ের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা পদক।

পুরো আয়োজনটি আরটিভির পর্দায় প্রচার করা হবে রোববার (১০ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে।

সম্মাননা প্রাপ্তরা হলেন- ডা. উত্তম কুমার সরকার, ডা. উজ্জ্বল কুমার সরকার, প্রভাষক সুবর্ণা সরকার এবং সাংবাদিক প্রতিমা সরকারের মা আদরিনী সরকার, প্রভাষক এম এ মোত্তালিব মিহিরের মা মোছা. জামিলা বিবি, অভিনেতা শরিফুল রাজের মা জাহানারা বেগম, অভিনেত্রী তানজিন তিশার মা উম্মে সালমা বেগম এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (এন্টি করাপশন) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম'র মা জিন্নাতুন্নেসা।

সম্মাননাপ্রাপ্ত মায়েরা বলেন- সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছি কিন্তু তার জন্য এভাবে সম্মাননা পাব- তা কখনও কল্পনা করিনি। আনন্দে আমার হৃদয় আজ ভরে উঠছে কারণ আমার সন্তান সফল হয়েছে। সব মায়েরাই চায় তাদের সন্তানরা সফল হোক, তাই সন্তানদেরও দায়িত্ব আছে নিজেকে সফল করে তোলার।

সম্মাননাপ্রাপ্ত মায়েদের সন্তানরা বলেন- আমাদের ক্যারিয়ারের অর্জনের জন্য আরটিভি আমার মাকে সম্মাননা দিচ্ছে এর চেয়ে বড় আনন্দ আর কিছুতে কখনও অনুভব হয়নি। এখন মনে হচ্ছে, জীবনে যা কিছু অর্জন করেছি তার মধ্যে শ্রেষ্ঠ অর্জন মায়ের এই সম্মাননা পাওয়া। আমরা অভিভূত এবং কৃতজ্ঞ আরটিভির প্রতি।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন- বাঙালির শব্দ ভাণ্ডারে সবচেয়ে মধুর শব্দ মা। প্রত্যেক মা তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে জীবনের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যান সন্তানকে সাফল্যে রাঙিয়ে দিতে। আরটিভি পৃথিবীর সব মায়েদের সেই ত্যাগ ও প্রচেষ্টার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন স্বরূপ আজকের এই আয়োজন করেছে। যদিও আমরা প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালন করছি কিন্তু আমি বিশ্বাস করি বছরের প্রতিটি দিনই মায়েদের জন্য ভালোবাসা ও শ্রদ্ধা জানানোর দিন। কেননা, মায়ের যে অবদান, কোনোকিছু দিয়েই তার প্রতিদান দেওয়া সম্ভব নয়।

Untitled-2
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। ছবি: আরটিভি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট শ্রী নিতাই রায় চৌধুরী বলেন- মায়ের তুলনা মা নিজেই। সন্তানের সাফল্যই মায়ের আজীবন লালিত স্বপ্ন। এই স্বপ্ন পূরণে তিনি প্রতিদিন-প্রতিক্ষণ নিজেকে বিলিয়ে দিচ্ছেন। সন্তানের জন্য মায়েদের যে ত্যাগ, সন্তানের সাফল্যের পেছনে মায়েদের যে অবদান, তা কোনোকিছু দিয়েই পূরণ হবার নয়। মায়েদের অবদান এবং ত্যাগকে তুলে ধরতে এমন একটি মহতী অনুষ্ঠান আয়োজন করায় আমি আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন- বীর মুক্তিযোদ্ধা ও সংগীতশিল্পী লীনু বিল্লাহ, শিক্ষক নাট্য ব্যক্তিত্ব রহমত আলী, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও বেনীবুননের স্বত্বাধিকারী সাহেদুল ইসলাম হেলাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তা ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন- সুজন আহমেদ, উপস্থাপনায় ছিলেন- ফারজানা বিথী, প্রযোজনা করেছেন- রেজা ইসলাম।

অনুষ্ঠানে কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে ৩টি দলীয় নৃত্য পরিবেশন করেন ওয়াহিদা মল্লিক জলি, আসাদ খান, সিনথিয়া ইয়াসমিন ও নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।

নৃত্য_পরিবেশনা
ছবি: আরটিভি

গান পরিবেশন করেন আরটিভি বাংলার গায়েন ও আরটিভি ইয়াং স্টারের শিল্পীরা।

‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৬’ স্পন্সর সহযোগিতায়- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, স্মাইল বেবি ডায়াপার ও এসএমসি মনিমিক্স, অনলাইন পার্টনার: আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার: লুক অ্যাট মি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission