
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তার বিরুদ্ধে শ্বাসরোধ করে মারধর এবং মারধরের অভিযোগে মামলা করা হয়।
রিক রসের আসল নাম উইলিয়াম লিওনার্ড রবার্টস দ্বিতীয়। ৫০ বছর বয়সী এই র্যাপারের বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ আগস্ট মিয়ামি বিচের স্টার আইল্যান্ডে নিজের বাড়িতে এক নারীর সঙ্গে বিবাদের সময় তাকে একাধিকবার মারধর করেন তিনি।
পুলিশের নথি অনুযায়ী, ওই নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি পুলিশকে জানান। তার অভিযোগ, সেদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে চিহ্নিত করা নিয়ে রিক রস ক্ষুব্ধ হন। তিনি ওই নারীকে মিথ্যা বলার অভিযোগ করে মুখে চড় মারেন।
পরে ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগও করেন রিক রস। যদিও ওই নারী পুলিশকে জানান, ওই ব্যক্তির সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল।
অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর রিক রস ওই নারীর বুকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে তার পরা পোশাকের কলার পেঁচিয়ে শ্বাস নিতে বাধা দেন। পরে চুলের বেণি ধরে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার অভিযোগও করা হয়েছে।
ওই নারী পুলিশকে জানান, তিনি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আবার সেখানে ফিরে এসে রিক রস বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করেন এবং এরপর নিজের জিনিসপত্র নিয়ে চলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তারা প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে বসবাস করছিলেন।
অভিযোগকারী নারী পুলিশকে একটি লিখিত জবানবন্দি ও আঘাতের ছবি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
এদিকে রিক রস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী স্টিভ স্যাডো ও ব্র্যাডলি হোরেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, সাবেক এক বান্ধবী তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছেন। তার অভিযোগের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয় বলেও দাবি করেন তারা।
আইনজীবীরা আরও বলেন, রিক রস নির্দোষ এবং অভিযোগগুলো অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্ধু, ভক্ত ও সাধারণ মানুষকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধও জানিয়েছেন তারা।
কারাগারের নথি অনুযায়ী, শ্বাসরোধ করে মারধরের অভিযোগে রিক রসের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। অন্য মারধরের অভিযোগে জামিনের অর্থ ১ হাজার মার্কিন ডলার।
কারাগার থেকে বের হওয়ার সময় রিক রস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি আরও জানান, শুক্রবার (২ অক্টোবর) দুবাই এবং শনিবার (৩ অক্টোবর) প্যারিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
২০০৬ সালে প্রকাশিত ‘হাসলিন’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান রিক রস। অ্যাস্টন মার্টিন মিউজিক ও স্টে স্কিমিনসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্যও পরিচিত তিনি। সংগীতজীবনে নয়বার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এই র্যাপার।
সূত্র: এনবিসি নিউজ
আরটিভি/জেএমএ


