
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। এবার প্রথমবারের মতো ভক্তদের সামনে প্রকাশ করেছেন মেয়ে আনায়ার ছবি। কন্যার প্রথম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি শেয়ার করার পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেতা।
মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে অপূর্ব লিখেছেন, ‘এক বছর আগে তুমি আমাদের জীবনে এসেছিলে, তারপর পৃথিবীর সবকিছুই বদলে গেছে।’
কন্যার জন্মের পর কেটে যাওয়া এক বছরের স্মৃতিচারণ করে অভিনেতা আরও লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’
সময়ের দ্রুত চলে যাওয়ার অনুভূতি প্রকাশ করে অপূর্ব বলেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’
মেয়েকে বড় হতে দেখা এবং তার নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গী হওয়াকে জীবনের বড় সৌভাগ্য বলে উল্লেখ করেছেন অভিনেতা।
তিনি লেখেন, ‘তোমাকে বড় হতে দেখা, নতুন নতুন জিনিস আবিষ্কার করতে দেখা, আর তোমার মিষ্টতা ও হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’
কন্যার জন্মদিনে ছোট্ট মুকুটের প্রসঙ্গ টেনে অপূর্ব আরও বলেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’
শেয়ার করা ছবিতে ছোট্ট আনায়ার মাথায় একটি মুকুট দেখা যায়। পোস্টের শেষাংশে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অপূর্ব লেখেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’
পারিবারিক জীবনে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে তাদের কন্যাসন্তান আনায়ার জন্ম হয়।
আরটিভি/এসকে


