
সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের পেছনে নানা ধরনের স্লোগান, উপদেশ ও মজার কথা লেখা দেখা যায়। কোথাও লেখা থাকে ‘মায়ের দোয়া’, কোথাও ‘ধাক্কা দিবেন না, আমি ছোট আমাকে মারবেন না’। আবার কোনো গাড়িতে দেখা যায় ‘হর্ন দিন, সাইড নিন’ কিংবা ‘সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি’। তবে ট্রাকের পেছনে সবচেয়ে বেশি চোখে পড়ে ‘Horn Ok Please’ কথাটি।
প্রায় সব ধরনের ট্রাকের পেছনে এই লেখাটি দেখা গেলেও, এর পেছনের কারণ সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। বিশেষ করে ‘Horn Please’ না লিখে মাঝখানে ‘OK’ শব্দটি কেন ব্যবহার করা হয়, তা নিয়ে রয়েছে কৌতূহল।
সাধারণভাবে ‘Horn Please’ কথাটির অর্থ হলো, ট্রাককে ওভারটেক করার আগে পেছনের চালক যেন হর্ন দিয়ে নিজের উপস্থিতি জানান দেন। কিন্তু এর সঙ্গে ‘OK’ শব্দটি যুক্ত হওয়ার কারণ কী?
এ বিষয়ে একটি প্রচলিত ব্যাখ্যায় বলা হয়, ‘OK’ শব্দটি এসেছে ‘On Kerosene’ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানির সংকট দেখা দিলে কিছু যানবাহনে ডিজেলের বিকল্প হিসেবে কেরোসিন ব্যবহারের প্রচলন ছিল বলে দাবি করা হয়। কেরোসিনের দাহ্য বৈশিষ্ট্যের কারণে পেছনের যানবাহনকে সতর্ক করতেই ট্রাকের গায়ে ‘OK’ লেখা হতো—এমন ধারণা প্রচলিত রয়েছে।
তবে ‘Horn Ok Please’ লেখাটির উৎপত্তি নিয়ে এই ব্যাখ্যার পক্ষে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ স্পষ্ট নয়। তাই ‘OK’ শব্দটি যে নিশ্চিতভাবেই ‘On Kerosene’-এর সংক্ষিপ্ত রূপ, তা নিশ্চিত করে বলা যায় না।
বর্তমানে ট্রাকের পেছনে ‘Horn Ok Please’ লেখাটি মূলত একটি পরিচিত সড়ক-সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এর মাধ্যমে পেছনের চালককে হর্ন দিয়ে নিজের উপস্থিতি জানানোর বার্তা দেওয়া হয়।
শুধু এই লেখাই নয়, ট্রাকের পেছনে চালক ও মালিকদের পছন্দ অনুযায়ী নানা ধরনের বার্তা দেখা যায়। কোথাও লেখা থাকে জীবনমুখী কবিতা বা গানের লাইন, কোথাও থাকে প্রেমিক-প্রেমিকার উদ্দেশে ভালোবাসার কথা। আবার কোনো ট্রাকে দেখা যায় ধর্মীয় বাণী কিংবা সতর্কতামূলক উপদেশ।
এসব লেখা একদিকে যেমন চালক ও মালিকদের ব্যক্তিগত পছন্দের প্রকাশ, অন্যদিকে তেমনি সড়কের চেনা দৃশ্যেরও একটি অংশ।
আরটিভি/এসকে



