
ভ্যাম্পায়ার বা রক্তচোষা প্রাণীর গল্পে কফিনে ঘুমানোর বিষয়টি বেশ পরিচিত। আয়নায় প্রতিবিম্ব না দেখা, ক্রুশের চিহ্নে ভয় পাওয়া কিংবা সূর্যের আলো এড়িয়ে চলার মতো বৈশিষ্ট্যের পাশাপাশি কফিনে ঘুমানোর ধারণাও ভ্যাম্পায়ারদের জনপ্রিয় পৌরাণিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে এই ধারণার পেছনে রয়েছে লোককাহিনি, সাহিত্য ও চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাস।
ভিক্টোরীয় যুগের লেখক অগাস্টাস হেয়ারের আত্মজীবনী দ্য স্টোরি অব মাই লাইফ-এ ভ্যাম্পায়ার নিয়ে একটি লোককাহিনির উল্লেখ রয়েছে। ক্যাপ্টেন ফিশার নামে এক ব্যক্তির কাছ থেকে শোনা গল্পে ইংল্যান্ডের গিল্ডফোর্ডের কাছে ক্রোগলিন গ্রেঞ্জ নামের একটি স্থানে ভ্যাম্পায়ারের উপদ্রবের কথা বলা হয়।
গল্প অনুযায়ী, ওই বাড়িতে বসবাসকারী এক নারীকে গভীর রাতে ভ্যাম্পায়ার আক্রমণ করে। পরে তার ভাইয়েরা বাড়ির সমাধিক্ষেত্রের কফিনগুলো পরীক্ষা করতে গিয়ে দেখেন, একটি ছাড়া বাকি সব কফিন এলোমেলো অবস্থায় রয়েছে। অক্ষত কফিনের ভেতরে পাওয়া যায় শুকনো ও মমির মতো হয়ে যাওয়া একটি দেহ। তার পায়ে ছিল সাম্প্রতিক গুলির ক্ষত। পরে দেহটি পুড়িয়ে ফেলা হয় বলে গল্পে উল্লেখ রয়েছে।
তবে এই ঘটনার সত্যতা যাচাই করা যায়নি। তারপরও এ ধরনের লোককাহিনি পরবর্তী সময়ে ভ্যাম্পায়ারকেন্দ্রিক সাহিত্য ও চলচ্চিত্রে প্রভাব ফেলেছে।
ভ্যাম্পায়ারদের কফিনে ঘুমানোর ধারণার সঙ্গে সূর্যের আলো এড়িয়ে চলার বিশ্বাসও জড়িত। প্রচলিত গল্পে বলা হয়, দিনের আলোয় ভ্যাম্পায়ারদের শরীর ধ্বংস হয়ে যায়। ১৯২২ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র 'নসফেরাতু'তে সূর্যের আলোয় ভ্যাম্পায়ারের ধ্বংস হওয়ার ধারণাটি জনপ্রিয়তা পায়। পরে এটি ভ্যাম্পায়ারদের পরিচিত বৈশিষ্ট্যে পরিণত হয়।
এ ছাড়া ভ্যাম্পায়ারদের মৃত মানুষ থেকে পুনরুত্থিত প্রাণী হিসেবে কল্পনা করা হয়। সেই ধারণা থেকেই তারা যে কফিনে সমাহিত হয়েছিল, সেখান থেকেই আবার জেগে ওঠে এবং পরবর্তী জীবনেও কফিনকে ঘুমানোর স্থান হিসেবে ব্যবহার করে— এমন বিশ্বাস তৈরি হয়েছে।
কফিনে ঘুমানোর বিষয়টি ভ্যাম্পায়ারদের মানুষের জগৎ থেকে বিচ্ছিন্নতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। একসময় তারা মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর আর মানুষের জগতে তাদের স্থান নেই। অন্ধকার ও বদ্ধ কফিনে তাদের অবস্থান সেই বিচ্ছিন্নতাকেই তুলে ধরে। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে



