ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

তুরস্কের জাদুঘরে মিলল ২৫ লাখ বছর আগের বিড়ালের ফসিল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: সংগৃহীত

তুরস্কের একটি জাদুঘরে কয়েক দশক ধরে সংরক্ষিত থাকা একটি ফসিলকে প্রায় ২৫ লাখ বছর আগের বিলুপ্ত প্রজাতির স্যাবার-টুথড বিড়ালের দেহাবশেষ হিসেবে শনাক্ত করেছেন গবেষকেরা। তাদের দাবি, আধুনিক তুরস্কের এশীয় অংশ আনাতোলিয়ায় এ পর্যন্ত শনাক্ত হওয়া এ প্রজাতির ফসিলগুলোর মধ্যে এটি সবচেয়ে সম্পূর্ণ।

১৯৮৯ সালে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াকাকোয় গ্রামের কাছে ফসিলটি আবিষ্কৃত হয়। পরে এটি বুরদুর প্রাকৃতিক ইতিহাস জাদুঘরে সংরক্ষণ করা হয়। দীর্ঘদিন অজানা থাকা ফসিলটি ২০২৩ সালে নতুন করে পরীক্ষা শুরু করেন বুরদুর মেহমেত আকিফ এরসয় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক আলপার ইয়েনের ইয়াভুজের নেতৃত্বাধীন একটি গবেষক দল।

গবেষকদের বিশ্লেষণে জানা গেছে, ফসিলটি বিলুপ্ত বৃহদাকার শিকারি বিড়াল হোমোথেরিয়াম লাতিডেনস প্রজাতির। ভূতাত্ত্বিক ও প্রাণিকুলভিত্তিক কালনির্ণয় পদ্ধতি ব্যবহার করে এর বয়স প্রায় ২৫ লাখ বছর নির্ধারণ করা হয়েছে। নমুনাটির চোয়ালও বেশ ভালো অবস্থায় অক্ষত রয়েছে।

গবেষক দলের প্রধান ইয়াভুজ জানান, প্রাণীটির কাঁধ পর্যন্ত উচ্চতা ছিল প্রায় ১ দশমিক ২ মিটার এবং মাথা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য ছিল প্রায় ২ মিটার। আকারের দিক থেকে এটি আধুনিক সিংহের তুলনায় কিছুটা ছোট হলেও জাগুয়ারের চেয়ে বড় ছিল।

শিকার করার কৌশলেও প্রাণীটির ছিল বিশেষ বৈশিষ্ট্য। ইয়াভুজের মতে, ওত পেতে শিকার ধরার পরিবর্তে স্যাবার-টুথড বিড়ালের এই প্রজাতি শিকারকে তাড়া করে ধরতে বেশি সক্ষম ছিল। এর তুলনামূলক প্রশস্ত নাসারন্ধ্র দৌড়ানোর সময় বেশি অক্সিজেন গ্রহণে সহায়তা করত।

ইয়াভুজ আরও জানান, নতুন আবিষ্কারসহ তুরস্কে এ ধরনের মাত্র চারটি ফসিল নমুনার সন্ধান পাওয়া গেছে। এ অঞ্চলের প্রাগৈতিহাসিক প্রাণিজগৎ ও পরিবেশ সম্পর্কে আরও তথ্য পেতে বুরদুর এবং পার্শ্ববর্তী ইসপার্তা প্রদেশে নতুন করে মাঠপর্যায়ের জরিপ চালানোর পরিকল্পনা করছেন গবেষকেরা।

গবেষকদের আশা, এসব অনুসন্ধানের মাধ্যমে আনাতোলিয়ার প্রাচীন প্রাণিজগৎ এবং কয়েক লাখ বছর আগের পরিবেশ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন
বাবার জন্মদিনে রঙিন বেলুন, দামি কেক কিংবা জাঁকজমকপূর্ণ আয়োজন কিছুই ছিল না। ছিল শুধু সন্তানদের নিখাদ ভালোবাসা আর সামান্য কিছু সৃজনশীলতা।
বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই বাবার জন্মদিন পালন
ইতিহাসে আজকের এই দিনে
মঙ্গলবার (১০ নভেম্বর) এক নজরে দেখে নেওয়া যাক তেমনই কিছু ঘটনা।
ইতিহাসে আজকের এই দিনে
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
ভ্যাম্পায়ার বা রক্তচোষা প্রাণীর গল্পে কফিনে ঘুমানোর বিষয়টি বেশ পরিচিত। আয়নায় প্রতিবিম্ব না দেখা, ক্রুশের চিহ্নে ভয় পাওয়া কিংবা সূর্যের আলো এড়িয়ে চলার মতো বৈশিষ্ট্যের পাশাপাশি কফিনে ঘুমানোর ধারণাও ভ্যাম্পায়ারদের জনপ্রিয় পৌরাণিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। তবে এই ধারণার পেছনে রয়েছে লোককাহিনি, সাহিত্য ও চলচ্চিত্রের দীর্ঘ ইতিহাস।
কেন ভ্যাম্পায়াররা কফিনে ঘুমায়, রয়েছে যে ইতিহাস
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
জীবনের নানা ঝামেলা ও অনিশ্চয়তাকে হাসিমুখে মেনে নেওয়ার বার্তা নিয়ে সোমবার (৯ নভেম্বর) পালিত হচ্ছে ‘কেওয়াজ নেভার ডাইজ ডে’।
আজ ‘ঝামেলার শেষ নেই’ দিবস
মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা
মানুষের মতোই ঘুমের একাধিক পর্যায় পার করে অস্ট্রেলিয়ার বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার। তাদের চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনিতে মিলেছে মানুষের রেম ঘুমের বৈশিষ্ট্য। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নন গবেষকেরা। ঘুমের মধ্যে মানুষ যেমন চোখের দ্রুত নড়াচড়া করে, তেমন আচরণ দেখা গেছে মাকড়সার মধ্যেও। অস্ট্রেলিয়ার এক বিশেষ প্রজাতির জাম্পিং স্পাইডার বা লাফানো মাকড়সার ঘুম নিয়ে গবেষণা করে এমনই চমকপ্রদ তথ্য পেয়েছেন জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাদের পর্যবেক্ষণে দেখা গেছে, মাকড়সার ঘুমের মধ্যেও রয়েছে একাধিক পর্যায়। এর মধ্যে একটি পর্যায়ে চোখের দ্রুত নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখা যায়, যা মানুষের র‍্যাপিড আই মুভমেন্ট বা রেম ঘুমের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। গত ২৬ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’ (পিএনএএস)-এ গবেষণাটি প্রকাশিত হয়। নাদিয়া গাইগার, মাক্সিম কিউ কাপেলে, ডানিয়েলা সি রিউসলারসহ আট গবেষক এই গবেষণায় অংশ নেন। বিজ্ঞানীদের দাবি, মাকড়সার নিয়ন্ত্রিত ঘুমের অস্তিত্ব সম্পর্কে এটি প্রথম পূর্ণাঙ্গ পরীক্ষামূলক প্রমাণ। গবেষণার জন্য বিজ্ঞানীরা বেছে নেন অস্ট্রেলিয়ার ‘পোর্শিয়া ফিমব্রিয়াটা’ প্রজাতির জাম্পিং স্পাইডারকে। এই প্রজাতির মাকড়সা তাদের অসাধারণ শিকারকৌশল ও শেখার ক্ষমতার জন্য পরিচিত। অন্য মাকড়সার জালে আটকে পড়া পোকামাকড়ের ছটফটানির মতো কম্পন তৈরি করে শিকারকে বিভ্রান্ত করতে পারে তারা। জাল বোনা মাকড়সাটি কাছে এগিয়ে এলে সেটিকেই আক্রমণ করে শিকার করে পোর্শিয়া। গবেষকেরা একাধিক দিন ও রাত ধরে মাকড়সাগুলোর আচরণ পর্যবেক্ষণ করেন। এ জন্য ১২ সেন্টিমিটার ব্যাসের ছোট প্লাস্টিকের পাত্রে তাদের রাখা হয়। উচ্চক্ষমতাসম্পন্ন ভিডিও ক্যামেরা এবং ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে ধারণ করা হয় ঘুমের সময় তাদের শরীরের নড়াচড়া ও আচরণ। এতে দেখা যায়, ঘুমের একটি নির্দিষ্ট পর্যায়ে তাদের চোখ দ্রুত নড়াচড়া করছে এবং পেশিতে সূক্ষ্ম কাঁপুনি দেখা যাচ্ছে। শুধু স্থির হয়ে থাকা বা নিষ্ক্রিয় থাকাকে ঘুমের প্রমাণ হিসেবে গ্রহণ করেননি গবেষকেরা। প্রকৃত ঘুমের বৈশিষ্ট্য যাচাই করতে মাকড়সাগুলোর ওপর শব্দের প্রভাব পরীক্ষা করা হয়। পাশাপাশি ঘুমের ঘাটতি হলে পরবর্তী সময়ে অতিরিক্ত ঘুমানোর প্রবণতা বা ‘স্লিপ রিবাউন্ড’ও পর্যবেক্ষণ করা হয়। এসব পরীক্ষায় দেখা যায়, মাকড়সার বিশ্রাম কেবল সাময়িক নিষ্ক্রিয়তা নয় বরং এটি জৈবিকভাবে নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। মানুষের ঘুমের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যায় রেম স্লিপ। এ সময় চোখ দ্রুত নড়াচড়া করে এবং মস্তিষ্কের কার্যকলাপে বিশেষ পরিবর্তন দেখা যায়। মানুষের ক্ষেত্রে এই পর্যায়ের সঙ্গে স্বপ্ন দেখার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাকড়সার মধ্যেও একই ধরনের কিছু আচরণ শনাক্ত হওয়ায় তাদের স্বপ্ন দেখার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, চোখের নড়াচড়া ও পেশির কাঁপুনি দেখেই মাকড়সার স্বপ্ন দেখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব নয়। মানুষের মতো তাদেরও স্বপ্নের অভিজ্ঞতা হয় কি না, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। এ ছাড়া মাকড়সার মস্তিষ্কের কার্যকলাপ সরাসরি পরিমাপ করতে না পারায় তাদের ঘুমের স্নায়বিক প্রক্রিয়া সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রাণিজগতে ঘুমের বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিতে পারে। মেরুদণ্ডী প্রাণী ও মাকড়সার স্নায়ুতন্ত্র সম্পূর্ণ আলাদা হলেও তাদের ঘুমের মধ্যে কিছু মিল পাওয়া গেছে। এর অর্থ, ঘুমের জটিল বৈশিষ্ট্য প্রাণীদের বিবর্তনের প্রাথমিক পর্যায় থেকেই থাকতে পারে। আবার ভিন্ন ভিন্ন প্রাণীর মধ্যে স্বাধীনভাবেও এ ধরনের বৈশিষ্ট্যের বিবর্তন ঘটতে পারে। গবেষকেরা এখন মাকড়সার অন্যান্য প্রজাতির ঘুম নিয়েও অনুসন্ধান করছেন। পাশাপাশি বন্য পরিবেশে থাকা মাকড়সার ঘুমের সঙ্গে গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের ঘুমের তুলনা করার পরিকল্পনা রয়েছে তাদের। ভবিষ্যতে মাকড়সার স্নায়ুতন্ত্রের কার্যকলাপ সরাসরি পর্যবেক্ষণ করে রেম-সদৃশ ঘুমের পেছনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করবেন বিজ্ঞানীরা। এ ছাড়া রাতের কৃত্রিম আলো ও জলবায়ু পরিবর্তন মাকড়সাসহ ক্ষুদ্র প্রাণীদের ঘুমের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়েও গবেষণার আগ্রহ রয়েছে তাদের। সব মিলিয়ে ক্ষুদ্র একটি মাকড়সার ঘুম নিয়ে এই গবেষণা প্রাণীদের ঘুম, স্নায়ুতন্ত্র ও বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। তবে মাকড়সারা সত্যিই স্বপ্ন দেখে কি না, সেই রহস্যের সমাধান এখনও হয়নি। আরটিভি/এসকে
মাকড়সাও কি স্বপ্ন দেখে, চোখের নড়াচড়ায় যে মিল পেলেন বিজ্ঞানীরা
আরও পড়ুন
আজ কালো বিড়াল দিবস 
পোষা বিড়ালের মরদেহ নিয়ে থানায় হাজির মালিক, অতঃপর...
পোষা বিড়াল ভেবে এক বছর লালন-পালন, পরে মিলল নতুন প্রজাতির সন্ধান
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই