
করোনাভাইরাসের বিস্তার রোধ করতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার। আগামী বুধবার থেকে দেশটিতে দোকানপাট, স্কুল ও ডে কেয়ার সেন্টার বন্ধ থাকবে। খবর ডিডব্লিউ।
রোববার দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। বুধবার থেকে শুরু হতে যাওয়া এই নতুন বিধি জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
ইউরোপের দেশটিতে করোনার প্রাদুর্ভাব আবারো বাড়ছে। এ কারণে অক্টোবর মাসের শেষে দেশব্যাপী আংশিক লকডাউন ঘোষণা করা হয়। সংক্রমণ বাড়তে থাকায় তৎপর হয় সরকার।
রাজ্যপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, ‘করোনার বিস্তার ঠেকাতে আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে৷’
নতুন করে আরোপ করা লকডাউনের আওতায় থাকবে
কম গুরুত্বপূর্ণ দোকানপাট ও সেবাপ্রদান যেমন সেলুন।
স্কুল বন্ধ থাকবে। এক্ষেত্রে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে।
ডে-কেয়ার সেন্টার বন্ধ থাকবে। তবে বাবা-মায়েরা সন্তানদের দেখাশুনার জন্য বেতনসহ ছুটিতে যেতে পারবেন।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের বাসা থেকে অফিস করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে।
উন্মুক্তস্থানে অ্যলকোহল পান করা যাবে না।
স্বাস্থ্যবিধি মেনে উপাসনালয় চালু রাখার অনুমতি দেয়া হয়েছে। তবে দলগতভাবে ধর্মীয় সঙ্গীত গাওয়ার মতো কাজ করা যাবে না।
নতুন বছর উদযাপনে পটকা ব্যবহার করা যাবে না।
রাজ্য সরকারগুলো চাইলে ক্রিসমাস উদযাপনের জন্য ডিসেম্বরের ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত লকডাউন বিধি কিছুটা শিথিল করতে পারে।
জিএ/এম




