
মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসী কর্মীদের জন্য প্রবেশ-পূর্ব শর্ত আরও কঠোর করেছে। দেশটির পেশাগত স্বীকৃতি (প্রফেশনাল অ্যাক্রেডিটেশন) ব্যবস্থার আওতায় এখন থেকে বিদেশি কর্মীদের ওমানে প্রবেশের আগেই তাদের একাডেমিক ও পেশাগত যোগ্যতা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জাল সনদ ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। ওমানের শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের পরিচালক জাহের বিন আবদুল্লাহ আল শেখ জানান, শ্রমবাজারকে শৃঙ্খলাবদ্ধ করা, ভুয়া সনদের ব্যবহার রোধ এবং গুরুত্বপূর্ণ খাতে কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় প্রকৌশল, লজিস্টিকস ও অ্যাকাউন্টিংসহ নিয়ন্ত্রিত পেশাগুলোতে চাকরিপ্রার্থীদের ওমানে প্রবেশের আগে স্বীকৃত সেক্টরভিত্তিক স্কিল ইউনিটের মাধ্যমে তাদের যোগ্যতা মূল্যায়ন ও অনুমোদন নিতে হবে। যাচাই শেষে সংশ্লিষ্টদের জন্য কাজের অনুশীলন লাইসেন্স (ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্স) ইস্যু করা হবে। লাইসেন্স অনুমোদিত হলেই কেবল কর্মীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, পেশাগত শ্রেণিবিন্যাস সনদ ও কাজের লাইসেন্স জালিয়াতির একাধিক ঘটনা সম্প্রতি শনাক্ত করা হয়েছে, যা ওমানের আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয় আরও জানায়, কেবল অনুমোদিত সংস্থা থেকেই লাইসেন্স সংগ্রহ এবং সেগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব কর্মী ও নিয়োগকর্তা উভয়েরই।
নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা, লাইসেন্স বাতিল, দেশ থেকে বহিষ্কার এবং আদালতে মামলা পর্যন্ত হতে পারে। পাশাপাশি এসব অনিয়মে জড়িত বা তা উপেক্ষা করা নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওমান কর্তৃপক্ষ।
আরটিভি/এসকে




