
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা রয়েছে ইসরায়েলের। প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে ছাড়াই এককভাবে এ হামলা চালানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এমনটাই জানিয়েছে আল জাজিরা।
ইসরায়েলের সামরিক মুখপাত্রের এমন বক্তব্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। যুদ্ধ শুরুর পর থেকেই দুই দেশের মধ্যে নিয়মিত হুমকি-পাল্টা হুমকি চলছে।
ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে এফি ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। তার ভাষ্য, যেকোনো মুহূর্তে শক্তি প্রয়োগের মাধ্যমে হামলা চালাতে পারে ইসরায়েল।
ডেফরিনের দাবি, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরায়েলকে ধ্বংস করার ইরানের যে লক্ষ্য, তা এখনও শেষ হয়ে যায়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশই বিভিন্ন সময়ে একে ওপরের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে।
গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ইরানকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায়, তবে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে’ এবং অন্ধকারে নিমজ্জিত করা হবে।
ইসরায়েলের সামরিক মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে আবারও স্পষ্ট হয়েছে, ইরানকে ঘিরে দেশটির সামরিক অবস্থান এখনও কঠোর। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ থাকুক বা না থাকুক, প্রয়োজনে এককভাবে হামলা চালানোর প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল।
আরটিভি/জেএমএ


