
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়দের জন্য বড় এক ধাক্কা হয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের এক সিদ্ধান্ত। নিজেদের কনসাল্টিং বিভাগে বেশিরভাগ পদে মার্কিন ওয়ার্ক ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন প্রতিষ্ঠানটির এই বিভাগে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন, যাদের বড় অংশই ভারতীয়।
সংশ্লিষ্ট কর্মীদের যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে চলে যাওয়া অথবা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চাকরি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। খবর এনডিটিভির
প্রতিবেদন অনুযায়ী, ব্যবসায়িক চাহিদার পরিবর্তন এবং দক্ষ কর্মীর প্রাপ্যতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইবিএম।
প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে তারা এতদিন যুক্তরাষ্ট্রের উচ্চদক্ষ ভিসা কর্মসূচি ব্যবহার করতেন। তবে কয়েক বছর ধরে এসব কর্মসূচিতে তাদের অংশগ্রহণ কমছিল।
ওই মুখপাত্রের ভাষ্য, ‘দীর্ঘদিন ধরেই আমাদের অংশগ্রহণ কমছে। দক্ষ কর্মীর প্রাপ্যতা ও গ্রাহকের চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে আমরা আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে সব বিভাগে ভিসা স্পনসরশিপ বন্ধ করা হয়নি। এই সিদ্ধান্ত মূলত আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদের জন্য প্রযোজ্য।
আইবিএমের কনসাল্টিং ব্যবসায় ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধের ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মরত হাজার হাজার ভারতীয় পেশাজীবী নতুন অনিশ্চয়তায় পড়তে পারেন।
প্রযুক্তি প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে থেকে কাজ চালিয়ে যেতে বলেছে। অন্যথায় ২০২৬ সালের শেষ নাগাদ চাকরি ছাড়তে হবে।
এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের জন্য এটি এক বড় ধাক্কা। অনেক বিদেশি পেশাজীবী কাজের ভিসা ও স্থায়ী বসবাসের আবেদনের জন্য নিয়োগদাতার স্পনসরশিপের ওপর নির্ভর করেন।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নিতে আইবিএমের কর্মীদের তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে। যারা যুক্তরাষ্ট্রের বাইরে যেতে রাজি হবেন না, তাদের তিন মাসের বিচ্ছেদ ভাতা দেওয়া হবে। সেক্ষেত্রে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর হবে তাদের শেষ কর্মদিবস।
আরটিভি/এসএইচএম


