
বন্দির সঙ্গে অবৈধ সম্পর্ক এবং কারাগারে নিষিদ্ধ মাদক পাচারের ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ইসাবেল ডেল (২৩) নামে এক নারী কারা কর্মকর্তাকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের আদালত। এ ছাড়া তার সহকারী লিলিয়া স্যালিসেকে (২৭) আড়াই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারি কাউন্টির এইচএমপি কোল্ডিংলি কারাগারে কর্মরত ইসাবেল ডেল সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত হন।
আদালতের তথ্যমতে, তিনি কারাগারের প্রার্থনা কক্ষে দণ্ডপ্রাপ্ত ডাকাত শাহিদ শরিফের (৩৩) সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাত্র চার মিনিট পর দুজন একসঙ্গে কক্ষটি ত্যাগ করেন।

তদন্তে উঠে আসে, ইসাবেল ডেল শাহিদ শরিফের ডাকনাম ‘স্নিকস’ নিজের ঘাড়ে ট্যাটু করান এবং নিজেকে ‘মিস স্নিকি’ বলে পরিচয় দিতেন। একই সময়ে তিনি কনার মানি (২৮) নামে আরেক বন্দির সঙ্গেও সম্পর্ক বজায় রেখেছিলেন।
প্রার্থনা কক্ষের ঘটনার পর শাহিদ শরিফকে কেন্টের সোয়ালসাইড কারাগারে স্থানান্তর করা হলেও তাদের সম্পর্ক চলতে থাকে। ডেল নিজেই তিন হাজার পাউন্ড দামের একটি এনগেজমেন্ট রিং কেনেন এবং তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে প্রেমপত্র লেখেন। এসব চিঠির কিছুতে কৃত্রিম গাঁজা মেশানো ছিল বলে আদালতে জানানো হয়।
এছাড়া ডেল শরিফের মাদক ব্যাবসার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট পরিচালনা করতেন এবং লিলিয়া স্যালিসের মাধ্যমে কারাগারে মাদক পৌঁছানোর ব্যবস্থা করতেন।
আদালতে বিচারক বলেন, এ ধরনের সম্পর্ক কারাগারের শৃঙ্খলা ও কর্তৃত্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
২০২২ সালের নভেম্বরে সোয়ালসাইড কারাগারে শরিফকে দেখতে যাওয়ার সময় ডেলকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি দাবি করেন, সহকর্মীদের অবহেলা ও মানসিক চাপের কারণে তিনি বিপর্যস্ত ছিলেন এবং শরিফের হুমকির মুখে পড়েছিলেন। তবে আদালত তার এসব বক্তব্য গ্রহণ করেনি। সূত্র: ইয়াহু
আরটিভি/এমএইচজে/এসকে


