সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৫৫০ মিটার উচ্চতায় একটি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু করেছে চীন। এটি শুরু হয়েছে দেশটির পাহাড় ঘেরা সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের লাসা শহরের তামসুং কাউন্টিতে।
গত সোমবার এ তথ্য জানিয়েছে চীনের জেনারেল নিউক্লিয়ার পাওয়ার গ্রুপ।
এই প্রকল্পে ‘প্যারাবোলিক ট্রাফ’ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেখানে সূর্যের তাপ সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদন হবে। এ ছাড়া তাপ পরিবহনের জন্য ব্যবহার করা হবে ‘থার্মাল অয়েল’। পাশাপাশি কেন্দ্রটিতে প্রায় ২ লাখ ৪২ হাজার বর্গমিটার আয়তনের বিশাল আয়না ক্ষেত্র (মিরর ফিল্ড) থাকবে।
রাতেও বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে ৬ ঘণ্টার ‘মোল্টেন সল্ট’ বা গলিত লবণভিত্তিক শক্তি সংরক্ষণ ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি এটি ৪০০ মেগাওয়াট ক্ষমতার একটি সৌর প্যানেল প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে, ফলে অতিরিক্ত বিদ্যুৎ সংরক্ষণ করা যাবে। অনেক উঁচু, কম অক্সিজেন ও তীব্র ঠান্ডার কারণে এলাকাটিতে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। তাই বছরে শুধু এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত নির্মাণকাজ চলবে। শ্রমিকদের সুরক্ষায় প্রকল্প এলাকায় থাকবে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, অক্সিজেন সরবরাহ এবং হাইপারবারিক চেম্বার।
প্রকল্পটি ২০২৭ সালের মধ্যে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চালু হলে বছরে প্রায় ৭১ কোটি ৯০ লাখ কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে প্রতি বছর প্রায় ২ লাখ ১৬ হাজার ৯০০ টন কয়লা সাশ্রয় হবে এবং ৬ লাখ ৫২ হাজার ৩০০ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন কমবে।
এছাড়া, প্রকল্পটি এরইমধ্যে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে এবং স্থানীয় অর্থনীতিতে প্রায় ৫২ লাখ ইউয়ান যোগ করেছে।
আরটিভি/এমএইচজে



