ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন কেজরিওয়াল।
সাবেক এই মুখ্যমন্ত্রী জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন।
কেজরিওয়াল বলেন, ‘কয়েক দিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে দুই লাখেরও বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব।’
পদযাত্রায় বিশাল সমাবেশের বদলে সীমিত উপস্থিতি থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না।’
যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘যদি ই-২০ পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে, তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য-প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকা প্রমাণ উপস্থাপন করুক।’
অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালের এই অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্টান্টবাজি বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল হাজির করতে পারবেন কি না, সেটিই আগে সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা উচিত।
আরটিভি/এআর




