
যুক্তরাষ্ট্রের ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি যাত্রীবাহী বিমানে হঠাৎ অসুস্থ হয়ে ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। গত ৭ আগস্ট এ ঘটনা ঘটে।
জানা গেছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে বিমানের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন রেইন ম্যাকমিলান ওয়ালমসি নামে ওই তরুণ। এ সময় বিমানের কর্মী ও কয়েকজন যাত্রী তাকে বাঁচাতে হৃদ্যন্ত্র সচল করার চেষ্টা করেন।
বিমানটি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছান। তবে চিকিৎসাকর্মীরা তাকে আর বাঁচাতে পারেননি। পরে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
তবে ঠিক কী কারণে ওই তরুণ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ডালাস থেকে লস অ্যাঞ্জেলেসগামী ওই ফ্লাইটে একজন যাত্রীর সঙ্গে চিকিৎসাজনিত একটি ঘটনা ঘটেছিল। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।
সূত্র: কেটিএলএ ডট কম
আরটিভি/জেএমএ




