
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘চাকি’ পুতুলের মতো মুখোশ পরে পথচারীদের ভয় দেখানো ও হয়রানির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে ধরতে খোঁজ শুরু করেছে পুলিশ।
এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।
পুলিশ জানায়, গত বুধবার (১২ আগস্ট) ভোরে শহরের কেন্দ্রীয় এলাকায় প্রায় ২০ মিনিট ধরে ওই ব্যক্তি একের পর এক মানুষের সামনে গিয়ে তাদের ভয় দেখান ও হয়রানি করেন। ভোর ৫টা ১৮ মিনিটের দিকে শুরু হওয়া এ ঘটনায় অন্তত ছয়জনকে লক্ষ্য করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ফিলাডেলফিয়া পুলিশের ক্যাপ্টেন জেসন স্মিথ জানান, এখন পর্যন্ত শুধু এক নারী দৌড়বিদ পুলিশের কাছে অভিযোগ করেছেন। নজরদারি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা ওই ব্যক্তি ওই নারীকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি নারীকে জিজ্ঞেস করেন, ‘মরার জন্য প্রস্তুত?’
ভয়ে দৌড়ে পালানোর সময় ওই নারী চিৎকার করে সাহায্য চান এবং তার পায়ে আঘাত লাগে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ধারণা, ওই ব্যক্তি নারী-পুরুষ নির্বিশেষে সামনে যাকে পেয়েছেন, তাকেই ভয় দেখানোর চেষ্টা করেছেন। ঘটনার সময় তার হাতে একটি মুঠোফোন ছিল। তিনি ভয় দেখানোর এসব ঘটনা নিজের উদ্দেশ্যে ধারণ করছিলেন বলেও ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মুখোশটি কিছুটা সরানোর সময় সন্দেহভাজনের মুখের একটি অংশ ক্যামেরায় ধরা পড়ে। তাকে কৃষ্ণাঙ্গ যুবক হিসেবে বর্ণনা করা হয়েছে। তার গড়ন পাতলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।
সন্দেহভাজনকে শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। এসব ঘটনার শিকার অন্য কেউ থাকলে তাকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সন্ত্রাসী হুমকি, হয়রানি, সাধারণ হামলা, বেপরোয়া বিপদ সৃষ্টি এবং ভয় দেখানোর মতো অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।
আরটিভি/জেএমএ




