
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে সামান্য কথা-কাটাকাটির জেরে এক ৩০ বছর বয়সী নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে ক্রাউন হাইটস এলাকার লিংকন টেরেস পার্কে এই ঘটনাটি ঘটে।
নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, এ দিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ইস্টার্ন পার্কওয়ে এবং রচেস্টার অ্যাভিনিউয়ের কাছাকাছি লিংকন টেরেস পার্কের ভেতর থেকে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মুমূর্ষু অবস্থায় দ্রুত তাকে ব্রুকডেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু ফেটি জানান, গভীর রাতে পার্কে একটি বারবিকিউ পার্টি চলাকালীন এক ব্যক্তির সঙ্গে ওই নারীর সামান্য কথা-কাটাকাটি হয়। হামলাকারী ওই ব্যক্তির সঙ্গে নিহত নারীর আগে থেকেই কিছুটা জানাশোনা ছিল।
ফেটি আক্ষেপ করে বলেন, অযৌক্তিক ওই ছোট্ট তর্কটি সহজেই এড়িয়ে যাওয়া যেত। কিন্তু ছেলেটির চোখের সামনেই তার মাকে খুন করা হলো; ও শুধু কাঁদছে আর খুঁজছে ওর মা কোথায়!
নিহতের আরেক বন্ধু আলাশা স্টিভেনসনের মতে, সামান্য তর্কের জেরে একজন নারীর সঙ্গে তার সন্তানের সামনে এমন পাশবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
পুলিশ জানিয়েছে, পুরুষ সন্দেহভাজন ওই হামলাকারী ঘটনার পরপরই খালি গায়ে এবং ধূসর রঙের সোয়েটপ্যান্ট পরা অবস্থায় রচেস্টার অ্যাভিনিউয়ের দিকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে জোর পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় খুনের ঘটনা। এর আগে ১৬ আগস্ট ভোরে একটি ক্লাবের বাইরে পাঁচ সন্তানের জননী আরেক নারীকে একইভাবে হত্যা করা হয়েছিল। একের পর এক এমন হত্যাকাণ্ডের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
আরটিভি/এমএম




