
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ‘চাকি’ চরিত্রের আদলের মুখোশ পরে পথচারীদের ভয় দেখানো ও হামলার অভিযোগে ২২ বছর বয়সী জাইমির হিউজকে খুঁজছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি পেনসিলভানিয়া ছেড়ে লস অ্যাঞ্জেলেস এলাকায় চলে গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ভোরে সেন্টার সিটি এলাকায় একাধিক ব্যক্তির কাছে গিয়ে ভয় দেখানো, ধাওয়া করা এবং এসব ঘটনার ভিডিও ধারণের অভিযোগ রয়েছে হিউজের বিরুদ্ধে। তদন্তকারীদের ধারণা, ওই সময় অন্তত ১৫ থেকে ১৬ জনকে লক্ষ্য করা হয়ে থাকতে পারে। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের অভিযোগ, এক ঘটনায় ৪০ বছর বয়সী এক নারী দৌড়ানোর সময় হিউজ তার পিছু নেন। তার একটি হাত পেছনে রাখা ছিল এবং ওই নারীকে মৃত্যুর বিষয়ে প্রশ্ন করেন তিনি। আতঙ্কে দৌড়ে পালানোর সময় ওই নারী পায়ে গুরুতরভাবে আহত হন এবং চিকিৎসা নিতে হয়।
তদন্তকারীদের দাবি, হিউজ নিজের মুঠোফোনে এসব ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ অথবা এ ধরনের ভিডিও থেকে অর্থ উপার্জনের উদ্দেশ্যে তিনি ঘটনাগুলো ধারণ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে তার প্রকৃত উদ্দেশ্য এখনো নিশ্চিত নয়।
হিউজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে তার যাতায়াতের সম্পর্ক রয়েছে এবং তিনি প্রায়ই এসব এলাকায় যাতায়াত করতেন। এ কারণে তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তার বর্তমান অবস্থান এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দক্ষিণ ক্যালিফোর্নিয়া ও নেভাদার বিভিন্ন পরিবহনকেন্দ্র এবং সম্ভাব্য অবস্থানে নজরদারি চালাচ্ছে।
পুলিশ লস অ্যাঞ্জেলেস এলাকার বাসিন্দাদের ওই ব্যক্তিকে দেখলে তার কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সন্দেহভাজনকে দেখা গেলে দ্রুত জরুরি নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরটিভি/জেএমএ




