
মহারাষ্ট্রের লাতুরে সরকারি স্কুলে অনুমতি ছাড়া প্রবেশ, শিক্ষকদের কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, লাতুর জেলার আওসা থানায় জেলা পরিষদের একটি উর্দু স্কুলের শিক্ষক সৈয়দ শামশাদবানো খাইরাতালির অভিযোগের ভিত্তিতে মামলাটি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, অভিজিৎ দীপকে ও তার সহযোগীরা আওসার কাছে জাওয়ালি এলাকার ওই সরকারি স্কুলে অনুমতি ছাড়াই প্রবেশ করেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে বসে বিভিন্ন প্রশ্ন করেন। এতে স্কুলের শিক্ষা কার্যক্রম ও সরকারি কাজে বিঘ্ন ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, দীপকে স্কুলের কার্যক্রমের দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেখানে তিনি স্কুলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও করেন। এমনকি অন্য একটি স্কুলের শিক্ষার্থীদের এনে ওই শ্রেণিকক্ষে বসানো হয়েছিল বলেও দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষকদের অভিযোগ, দীপকে তাদের বরখাস্ত করানোর এবং মানহানিকর বক্তব্য ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিজিৎ দীপকে কেন্দ্রীয় মহারাষ্ট্রের লাতুর জেলার বিভিন্ন সরকারি স্কুল পরিদর্শন করে সেগুলোর সমস্যা তুলে ধরছিলেন। সরকারি স্কুলের অবস্থা উন্নত করার দাবিতে তার দল ‘স্কুল ঠিক করো’ নামে একটি কর্মসূচিও চালিয়ে আসছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভারতীয় ন্যায় সংহিতার সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দেওয়া, অনধিকার প্রবেশ, অপরাধমূলক ভয় দেখানো এবং মানহানির ধারায় মামলা করা হয়েছে।
আরটিভি/জেএমএ




