
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে দুই মাস বয়সী এক শিশুকে ডায়াপার পরিবর্তনের সময় যৌন নিপীড়নের অভিযোগে লুথেরান চার্চের এক ভিকারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত জোসায়াহ জাঙ্কিনের বয়স ২৭ বছর। তিনি ফোর্ট ওয়েন শহরের একটি লুথেরান চার্চে ভিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের একটি ঘটনার সূত্র ধরে জাঙ্কিনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। অভিযোগ রয়েছে, তিনি শিশুটিকে ডায়াপার পরিবর্তনের সময় যৌন নির্যাতন করেছিলেন। পরে তিনি একাধিক ব্যক্তির কাছে একই শিশুকে একাধিকবার নির্যাতনের কথা স্বীকার করেছিলেন বলেও আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, জাঙ্কিন অন্তত চারবার শিশুটিকে নির্যাতনের কথা এক ব্যক্তির কাছে বলেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর ওই ব্যক্তি মিশিগানের কর্তৃপক্ষকে অবহিত করেন। একই সঙ্গে শিশুটিকে নিয়ে পাওয়া তথ্য ইন্ডিয়ানার শিশু সুরক্ষা কর্তৃপক্ষের কাছেও জানানো হয়।
ঘটনার তদন্তে মিশিগান ও ইন্ডিয়ানা দুই অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তদন্তকারী কর্মকর্তাদের দাবি, জাঙ্কিন ফোর্ট ওয়েনে শিশুটিকে নির্যাতনের কথা স্বীকার করেছিলেন বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
তদন্তের সময় পুলিশ একটি ব্যক্তিগত ডায়েরির ছবিও উদ্ধার করে, যা যৌন আসক্তি থেকে মুক্তির একটি কর্মসূচির সঙ্গে সম্পর্কিত বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, ওই ডায়েরিতে শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণসংক্রান্ত কল্পনার কথাও লেখা ছিল বলে দাবি করা হয়েছে।
পুলিশ জাঙ্কিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি। তবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আত্মসমর্পণ করবেন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন। পরে গত ২০ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে অ্যালেন কাউন্টি কারাগারে নেওয়া হয়।
জাঙ্কিনের বিরুদ্ধে বর্তমানে শিশু যৌন নির্যাতনের একটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী জোসায়াহ জাঙ্কিন নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে এবং পরবর্তী সময়ে আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র: ডব্লিউপিটিএ, ডব্লিউকেআরসি, ২১অ্যালাইভ নিউজ
আরটিভি/এসকে


-1791279891-407901_1791279918.jpg)