
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয় রামন বিমানবন্দর। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিসরের সিনাই উপদ্বীপের তাবা এলাকায়। ইলাত থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে এবং ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্পের কম্পনে রামন বিমানবন্দরের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। নিরাপত্তা ও অবকাঠামো পরীক্ষা করতে বিমানবন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ রাখে। পরীক্ষা শেষে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়।
এদিকে, বড় ধরনের ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদার করছে ইসরায়েল। দেশটির স্বরাষ্ট্র প্রতিরক্ষা কমান্ড ২০২৭ সালকে ভূমিকম্প প্রস্তুতির বছর হিসেবে ঘোষণা করেছে। এ উপলক্ষে উদ্ধার অভিযান, প্রশিক্ষণ ও স্থানীয় প্রশাসনের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র: টাইমস অফ ইসরায়েল
আরটিভি/জেএমএ



