
ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকট।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা রাজনৈতিক স্বার্থে আরব নাগরিকদের গ্রহণযোগ্যতা নষ্ট করার চেষ্টা করছেন। ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক উল্লেখ করে আইজেনকট বলেন, তাদের প্রান্তিক করে একটি গোষ্ঠী হিসেবে অপমান করা রাষ্ট্রবিরোধী কাজ। প্রধানমন্ত্রী শুধু তার সমর্থকদের নন, দেশের সব নাগরিকের প্রতিনিধি।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট ৫৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। অন্যদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুললেও দেশটির নির্বাচন কর্তৃপক্ষ তা নাকচ করেছে। আইজেনকট বলেছেন, আরব দলগুলোর নেতাদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া গ্রহণযোগ্য নয়।
তবে আরব দলগুলো আইজেনকটকে সমর্থন দিলেও তিনি তাদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন। নতুন সরকার গঠনের জন্য তাঁর হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে।
এদিকে, রাজনৈতিক চাপের মুখে থাকা নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টিও বিবেচনা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক বাহিনী এবং আইজেনকটের পক্ষ থেকে এ বিষয়ে উৎসাহ নেই। আইজেনকট নতুন করে সংঘাত এড়ানোর আহ্বান জানিয়েছেন।
সূত্র: আল জাজিরা
আরটিভি/জেএমএ


