
সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে বাহরাইন। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র বাহরাইন।
রোববার (১৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি সতর্কবার্তা জারি করে। গত সেপ্টেম্বরের পর এই প্রথম এমন সতর্কতা দিল উপসাগরীয় দেশটি।
সতর্কবার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।
এর দুই দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছিল, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করে জানায়, তারা দুটি ইরানি চালকবিহীন বিমান প্রতিহত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
সূত্র: আরব নিউজ
আরটিভি/জেএমএ



