
সব বাধা বিপত্তি ও প্রতিকূলতা মোকাবিলা করে স্রোতের বিপরীতে পথ পাড়ি দিয়ে সফলতাকে নিজের হাতের মুঠোয় আনাকেই বলে নিজের বলার মতো একটা গল্প। সাড়ে পাঁচ লাখ উদ্যোক্তার এই ফাউন্ডেশনের একটি সমৃদ্ধশালী শাখা হলো ইউনিক দুবাই। গত শুক্রবার (১৭ ডিসেম্বর) শারজাহ আবু সাগারা তে আল মদিনা পার্টি হলে অনুষ্ঠিত হয় নিজের বলার মত ফাউন্ডেশনের উদ্যোক্তা সম্মেলন।
জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজের বলার মত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র সাংবাদিক ফারাবী হাফিজ, লন্ডন গ্রুপের চেয়ারম্যান এস বি সীমা।
পবিত্র কোরআন তেলায়াত ও জাতীয় সংগীতের পর কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কীভাবে একজন সফল উদ্যোক্তা এবং একজন ভালো মানুষ হওয়া যায়, সেই দিক নির্দেশনা ও সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ইকবাল বাহার জাহিদ। উদ্যোক্তাদের এই মিলন মেলায় বক্তব্য রাখেন অতিথিরা। তরুণ উদ্যোক্তারা প্রকাশ করেন নিজেদের গল্প, নিজেকে কিভাবে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা যায়।
উদ্যোক্তা সম্মেলনের এই আয়োজনে নিরলস কাজ করে গেছেন ইউনিক দুবাইয়ের কোর মডারেটর মোহাম্মদ নুর, মডারেটর মোহাম্মদ রাসেল আকন্দ, কান্ট্রি এম্বাসেডর ইমাম হোসেন পারভেজ, খালিদ ইকবাল, সাইফুল আজম, দিদার হোসেন, আবদুল কাদের মোহনসহ সদস্যরা।
দেশের ৬৪ জেলা ও ৫০ টির বেশি দেশে উদ্যোক্তা তৈরি, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সকল সাহায্য সহযোগিতা, দেশীয় পণ্যের প্রসার ও মানবিক সহায়তায় নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে ইউনিক দুবাই।
এফএ




