ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে পর্বতজয়ের পর ৫০০০ ফুট নিচে পড়ে পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
ছবি: সংগৃহীত

নেপালের আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার একদিন পর প্রায় ৫ হাজার ফুট নিচে পড়ে ৫৭ বছর বয়সী জার্মান পর্বতারোহী উলফগ্যাং ওয়াশিচেকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) সকালে পর্বতের ক্যাম্প ২-এর কাছে তার মরদেহ উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ৬ হাজার ৮১২ মিটার উচ্চতার আমা দাবলাম পর্বতের চূড়ায় ওঠার পর রবিবার রাতে ৬ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ৩-এ অবস্থান করছিলেন ওয়াশিচেক। সেখান থেকে নিচে নেমে আসার পরিকল্পনা ছিল তার।

ট্রেকিং কোম্পানি ‘রিয়েল হিমালয়া’র প্রধান গোকুল থাপা জানান, সোমবার সকালে ওয়াশিচেকের ব্যক্তিগত গাইড সোনাম লামা তাকে ক্যাম্পে খুঁজে পাননি। কিছু ধার করা সরঞ্জাম ফেরত দিতে তাঁবুর বাইরে যাওয়ার সময় গাইড তাকে ভেতরে থাকতে বলেছিলেন। কিন্তু কয়েক মিনিট পর ফিরে এসে তাকে আর দেখতে পাননি।

পরে সকাল ৮টার দিকে প্রায় ৪ হাজার ৬০০ মিটার উচ্চতায় ক্যাম্প ২-এর কাছে আরেকজন শেরপা ওয়াশিচেকের মরদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, ক্যাম্প ৩ থেকে নিচে নামার সময় তিনি অনেকটা নিচে পড়ে যান।

বিকেলে হেলিকপ্টারে তার মরদেহ উদ্ধার করে এভারেস্ট অঞ্চলে পর্বতারোহীদের প্রবেশপথ হিসেবে পরিচিত লুকলায় নেওয়া হয়। পরে মরদেহটি নেপালের রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়। সেখানে ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।

গোকুল থাপা জানান, ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওয়াশিচেকের এটি ছিল নেপালে দ্বিতীয় সফর। এর আগে ২০২৪ সালে ট্রেকিং করতে দেশটিতে এসেছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন থাপা।

খাড়া ঢাল ও কারিগরিভাবে কঠিন পথের জন্য পরিচিত আমা দাবলাম পর্বতটি নেপালের খুম্বু অঞ্চলে অবস্থিত। চলতি বছর এই পর্বতে এটিই প্রথম প্রাণহানির ঘটনা। গত বছরের অক্টোবরে পর্বতটিতে অভিযান চালানোর সময় ৬৫ বছর বয়সী এক ফরাসি ও ৬৬ বছর বয়সী এক দক্ষিণ কোরীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছিল। চলতি পর্বতারোহণ মৌসুমে ৩০০ জনেরও বেশি পর্বতারোহী এই পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করছেন।

এদিকে, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে পশ্চিম নেপালের আরেকটি পর্বতশৃঙ্গে দুই জাপানি পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

বিশ্বের অন্যান্য পর্বতেও চলতি বছর একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। জুলাইয়ে পাকিস্তানের ব্রড পিক পর্বতে তুষারধসে বিখ্যাত ব্রিটিশ-নেপালি পর্বতারোহী নির্মল পুরজাসহ ১০ জন পর্বতারোহী প্রাণ হারান। মে মাসে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার রেকর্ড গড়ার চেষ্টা করার সময় দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু হয়।

একই মাসে নেপালের মাউন্ট মাকালুতে তুষারধসে প্রাণ হারান মার্কিন পর্বতারোহী শেলি জোহানেসেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অভিযাত্রী সংস্থা ‘ড্যাশ অ্যাডভেঞ্চারস’-এর সহপ্রতিষ্ঠাতা জোহানেসেন ২৭ হাজার ৮৩৮ ফুট উঁচু মাকালুর চূড়ায় সফলভাবে পৌঁছেছিলেন। তবে ফেরার পথে প্রায় ২৩ হাজার ৬০০ ফুট উচ্চতায় তুষারধসের কবলে পড়ে তাঁর মৃত্যু হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় নিয়ে আপত্তি জানিয়েছে চীন।
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়কে ‘ন্যায্য নয়’ বলে মন্তব্য করেছে দেশটির সরকার।
গণহত্যার রায় ‘ন্যায্য নয়’, আন্তর্জাতিক আদালতকে দুষল মিয়ানমার
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
মালয়েশিয়া থেকে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে তুরস্কে পুনর্বাসনের পরিকল্পনা করেছে দেশটির সরকার।
১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসন করবে মালয়েশিয়া
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায় দেশটির সামরিক বাহিনীর ওপর প্রতিষ্ঠিত হওয়ায় আনন্দে কেঁদেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা।
গণহত্যার স্বীকৃতিতে রোহিঙ্গাদের চোখে আনন্দাশ্রু, তবু ঘরে ফেরার অপেক্ষা
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
এশিয়া সফরে গিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের বারবার বৈঠকের ডাকে সাড়া না দিয়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন কিম জং উন!
আরও পড়ুন
গোপালগঞ্জ কারাগারে খাবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের ব্যাখ্যা দিলো আনসার বাহিনী
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে ‘বক’
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি