
চীন সফর নিয়ে জল্পনার মধ্যে মেয়েকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির নেতা কিম জং উন। রোববার (১৫ নভেম্বর) ও সোমবার (১৬ নভেম্বর) তিনি সামজিয়ন এলাকার বিমানবন্দর, পর্যটন রেলপথ, হোটেল ও স্কি রিসোর্টের নির্মাণকাজ ঘুরে দেখেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে কিমের সঙ্গে তার মেয়ে জু আয়ে-কে দেখা গেছে। এমনকি তাকে স্কি (তুষার বা বরফের ওপর দিয়ে পিছলে চলার জন্য ব্যবহৃত এক ধরনের লম্বা, সরু এবং হালকা ওজনের পাত বা টুকরো) করতেও দেখা যায়। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দাদের ধারণা, কিমের উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করা হচ্ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ সপ্তাহে চীন সফরে গেলে কিমের সঙ্গে তার বৈঠক হতে পারে। অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সম্মেলনে কিম অংশ নিলে তার সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ক্রেমলিন।
এদিকে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়া প্রতি মাসে উত্তর কোরিয়ার কাছ থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে।
সূত্র: রয়টার্স
আরটিভি/জেএমএ



