
জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত গড়ে উঠছে তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র বা তথ্যকেন্দ্র (ডাটা সেন্টার)। তবে এসব বিশাল স্থাপনা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। শব্দ, ধোঁয়া ও পরিবেশের পরিবর্তনে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিংয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
টোকিওর উত্তর-পূর্বে কাশিওয়া শহরে কয়েক বছর আগেও সাসুমু গোটোর বাড়ির সামনে ছিল সবুজ মাঠ। সেখানে প্রতিবেশীরা বেসবল ও ফুটবল খেলতেন। কিন্তু এখন সেই মাঠের জায়গায় দাঁড়িয়ে আছে হংকংভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএজি পরিচালিত দুটি বিশাল তথ্যকেন্দ্র বা ডাটা সেন্টার। প্রতিটির উচ্চতা প্রায় ৩১ মিটার।
অবসরপ্রাপ্ত গাড়ি মেরামতকারী গোটো জানান, মাসে অন্তত একবার এসব কেন্দ্রের জরুরি বিদ্যুৎ জেনারেটর পরীক্ষা করা হয়। তখন আকাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং পোড়া জ্বালানির গন্ধ বাতাসে ভেসে থাকে। প্রতিদিন সকালে বাড়ির বাইরে বের হলে বিশাল ভবনগুলো তার দৃষ্টিসীমা ঢেকে দেয়। এতে মানসিকভাবে চাপ অনুভব করেন তিনি।

গোটো আরও জানান, শব্দ সহ্য করতে না পেরে তাকে জানালা বন্ধ রাখতে হয়, কখনও আবার বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে হয়। তিনি বলেন, মৃত্যুর দিন পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব।
ডাটা সেন্টারের দ্রুত বিস্তার স্থানীয় মানুষের জীবনযাত্রায় কীভাবে প্রভাব ফেলছে, গোটোর অভিজ্ঞতা যেন তারই প্রতিচ্ছবি।
আরটিভি/জেএমএ


