
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মাত্র তিন মাস আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২২ বছর বয়সী তাসনিম ঐশী। পার্থে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করে নতুন জীবনের পথচলা শুরু করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে এক সড়ক দুর্ঘটনায় সেই পথচলার ইতি ঘটেছে।
এ ঘটনায় আহত হয়ে আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের নাম লাবিব, ঈশিতা ও বিপুল। তারাও বাংলাদেশী বলে জানা গেছে।
স্থানীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়, নিহত তাসনিম ঐশি গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন এবং তাকে বাঁচানো যায়নি। তবে চালক এবং অন্য দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। যদিও দুর্ঘটনার পরপরই গাড়ির উদ্ধারের জন্য জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীরা ছুটে যান এবং ঘটনাস্থলে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টারও পাঠানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি ব্যবহার করা হয়নি।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বিশোর্ধ্ব ঐশি যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গাড়িতে থাকা অন্য তিনজন—যাদের মধ্যে দুজন ২১ বছর বয়সী পুরুষ, একজন চালক এবং একজন অপ্রাপ্তবয়স্ক—আহত হয়েছেন, তবে তাদের আঘাত গুরুতর নয় বলে মনে করা হচ্ছে।
নিহতের সহপাঠীরা জানান, নিহত ঐশি বর্তমানে এডিথ কোওয়ান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। উচ্চশিক্ষার উদ্দেশ্যে মাত্র তিন মাস আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। এর মধ্যেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আরটিভি/টিআর



