
ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার একটি বিতর্কিত বিল অনুমোদন করেছে দেশটির মন্ত্রিসভা। নিয়ম লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার (প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা) জরিমানার প্রস্তাব করা হয়েছে। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মন্ত্রিসভা জরুরি অধ্যাদেশ জারির মাধ্যমে এ প্রস্তাবের অনুমোদন দেয়। এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব সমাবেশে এই সিদ্ধান্তের প্রাথমিক রূপরেখা প্রকাশ করেছিলেন তিনি।
নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, আগামী বছর থেকে স্কুলে মুখ ঢাকা বোরকা ও নিকাব পরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি ইতালীয় ভাষায় পারদর্শী নয়, এমন শিক্ষার্থীদের উপস্থিতি প্রতিটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ ৩০ শতাংশে সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি অধ্যাদেশ হওয়ায় এটি অবিলম্বে কার্যকর হওয়ার সুযোগ রয়েছে; তবে চূড়ান্ত অনুমোদনের জন্য ৬০ দিনের মধ্যে পার্লামেন্টে পাস করাতে হবে। এদিকে ইতালির প্রেসিডেন্ট সের্জিও মাত্তারেলা ইঙ্গিত দিয়েছেন, নতুন কোনো নিয়ম যাতে শিক্ষার্থীদের শিক্ষার অধিকারে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে নজর রাখা হচ্ছে।
মেলোনি সরকারের এমন পদক্ষেপকে কেন্দ্র করে দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী নেতাদের অভিযোগ, আগামী নির্বাচনকে সামনে রেখে চরম ডানপন্থী জনপ্রিয়তাকে সামাল দিতে সরকার শিক্ষার্থীদের মূল সমস্যা এড়িয়ে ‘সাংস্কৃতিক সংঘাত’ উসকে দিচ্ছে।
আরটিভি/এআর



