ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দুই বছর কেক-বিস্কুট খেয়ে বাড়িতে একা থেকেও স্কুলে যেত ৭ বছরের শিশু, টের পাননি কেউ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
ফ্রান্সের নেরসাক শহরে মায়ের অবহেলায় দুই বছর একা ফ্ল্যাটে জীবন কাটাতে হয় ৭ বছরের শিশুটিকে। ছবি: সংগৃহীত

মাত্র ৭ বছর বয়স। যে বয়সে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার কথা, পরিবারের সঙ্গে আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সেই একা একটি ফ্ল্যাটে জীবন কাটাতে হয়েছে ফ্রান্সের এক শিশুকে। ২০২০ সালে তাকে নেরসাক শহরের একটি ফ্ল্যাটে রেখে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিজের সঙ্গীর (বয়ফ্রেন্ড) সঙ্গে বসবাস শুরু করেন তার মা। এরপর টানা দুই বছর একাই থাকতে হয় শিশুটিকে।

শিশুটির দিন কাটত বিস্কুট, কেক ও ঠান্ডা কৌটাজাত খাবার খেয়ে। কখনো খাবারের জন্য পাশের বাসার টমেটো চুরি করত সে। ফ্ল্যাটে নিয়মিত বিদ্যুৎ, গরম পানি ও ঘর গরম রাখার ব্যবস্থাও ছিল না। শীতের রাতে কয়েকটি কম্বল ও শোয়ার থলে জড়িয়ে ঘুমাতে হতো তাকে। মা মাঝেমধ্যে এসে খোঁজ নিলেও বেশিরভাগ সময় নিজের মতো করেই কাটাতে হতো শিশুটির দিন।

সবচেয়ে বিস্ময়কর বিষয়, এত কষ্টের মধ্যেও থেমে থাকেনি তার পড়াশোনা। প্রতিদিন নিজেই স্কুলে যেত সে। স্কুলে ছিল পরিচ্ছন্ন, ভদ্র এবং ভালো ফল করা শিক্ষার্থী। ফলে তার এমন নিঃসঙ্গ জীবনের কথা বুঝতেই পারেননি শিক্ষকরা।

স্থানীয় বাসিন্দাদের সন্দেহের পর বিষয়টি সামনে আসে। নেরসাকের মেয়র বারবারা কুতুরিয়ে শিশুটির মায়ের খাবারের জন্য সহায়তা চাওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের অভিযোগের মধ্যে যোগসূত্র খুঁজে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর শিশুটিকে শিশু সুরক্ষা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়।

এ ঘটনায় সন্তানের প্রতি অবহেলার দায়ে ২০২৪ সালের জানুয়ারিতে শিশুটির মাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছয় মাস বাড়িতে বৈদ্যুতিক নজরদারির মাধ্যমে সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।

সূত্র: সিএনএন

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
কানাডার টরন্টোতে অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হওয়ার অভিযোগে বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন এক কৌতুকশিল্পী দম্পতি। তবে বাড়িওয়ালার এমন অভিযোগ অস্বীকার করে উল্টো আইনি লড়াইয়ে নেমেছেন তারা। এস ই গ্রামাট ও স্যাম ক্রুগার নামের ওই দম্পতি ‘ক্রিপি বয়েজ’ নামে কৌতুক পরিবেশন করেন। গত ২৯ অক্টোবর টরন্টোর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের গণশুনানিতে উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানান তারা। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা তাদের বিরুদ্ধে ঘরের ভেতরে অবৈধভাবে ধূমপানের অভিযোগ তুলেছেন। তার দাবি, বাড়িতে স্থাপন করা এয়ার কোয়ালিটি মনিটরে বিপজ্জনক মাত্রায় ধোঁয়া ও রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে। তবে ধূমপানের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভাড়াটিয়ারা। তাদের দাবি, বাতাসের মান খারাপ দেখানোর পেছনে ধূমপান নয়, বরং মানুষের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া ও বায়ুত্যাগের প্রভাব থাকতে পারে। তাদের ভাষ্য, এয়ার মনিটরের কিছু সেন্সর মানুষের শরীর থেকে নির্গত গ্যাসের সংস্পর্শেও রাসায়নিক দূষণের সংকেত দিতে পারে। দম্পতি জানান, বাড়িটির নিচতলা ও আংশিক বেসমেন্টে তারা বসবাস করেন। ওপরের তলায় থাকেন বাড়িওয়ালা। বাড়িটিতে যৌথ ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় দুই তলার বাতাস একই ব্যবস্থার মাধ্যমে চলাচল করে। ২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা তাদের জানান, তিনি দীর্ঘমেয়াদি ফুসফুসের জটিলতায় ভুগছেন এবং বাড়ির বাতাসের মান নিয়ে উদ্বিগ্ন। এরপর ঘরের সম্ভাব্য দূষণের উৎস শনাক্ত করতে দম্পতি রুম ফ্রেশনার, সুগন্ধি মোমবাতি ও বিভিন্ন গৃহস্থালি সামগ্রীর ব্যবহার বন্ধ করেন। পরবর্তী সময়ে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে তারা জানতে পারেন, কিছু আধুনিক এয়ার মনিটরের সেন্সর মানুষের বিপাকীয় প্রক্রিয়া থেকে নির্গত গ্যাসের কারণেও দূষণের মাত্রা বেশি দেখাতে পারে। বিশেষ করে রাতে ঘুমের সময় এমন সংকেত বাড়তে পারে বলে তাদের দাবি। দম্পতির অভিযোগ, বাড়িওয়ালা একজন বায়ুদূষণ বিশেষজ্ঞ দিয়ে যথাযথ পরীক্ষা করাতে রাজি হননি। বরং ব্যক্তিগত ব্যবহারের অজুহাতে তাদের উচ্ছেদ করতে চাইছেন। ভাড়াটিয়া হিসেবে নিজেদের অধিকার নিয়ে কথা বলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। আইনি লড়াইয়ের খরচ জোগাতে ‘গোফান্ডমি’ প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহ করছেন এই দম্পতি। সেখানে তারা লিখেছেন, অতিরিক্ত বায়ুত্যাগের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যা তাদের কাছে কোনোভাবেই কৌতুকের বিষয় নয়। ইতিমধ্যে আইনি খরচের জন্য ৩ হাজার ৪০০ কানাডীয় ডলার সংগ্রহ করেছেন তারা। প্রায় পাঁচ বছর বিভিন্ন স্থানে কৌতুক পরিবেশন করে যাযাবরের মতো জীবন কাটানোর পর মাত্র ১০ মাস আগে ওই অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। মামলার চূড়ান্ত নিষ্পত্তি এবং ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের সিদ্ধান্ত না আসা পর্যন্ত অ্যাপার্টমেন্ট ছাড়তে নারাজ কৌতুকশিল্পী দম্পতি। আরটিভি/এসকে
অতিরিক্ত বায়ুত্যাগের কারণে ভাড়াটিয়া উচ্ছেদ, বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
পুলিশের চোখ ফাঁকি দিতে তুরস্কের নাগরিক তুঘরুল বাশার যা করেছেন, তা যেন সিনেমার গল্পকেও হার মানায়। ডাকাতির মামলায় তিন বছরের কারাদণ্ড এড়াতে টানা আট বছর নারীর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়েছেন এই পলাতক আসামি। সম্প্রতি ইস্তাম্বুলের কাদিকয় জেলায় পুলিশের অভিযানে তার পরিচয় শনাক্ত হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের বোনের পরিচয় ব্যবহার করে নারীর ছদ্মবেশে বসবাস করছিলেন বাশার। ঘটনার সূত্রপাত ২০১০ সালে। সরকারি কর্মকর্তা পরিচয়ে তিনটি ডাকাতির ঘটনায় আদালত তাঁকে কারাদণ্ড দেন। সাজা এড়াতে ২০১৮ সাল থেকে আত্মগোপনে চলে যান তিনি। এরপর দীর্ঘদিন তাঁকে খুঁজছিল পুলিশ। পুলিশের নজরদারিতে একপর্যায়ে তার ছদ্মপরিচয়ের বিষয়টি সামনে আসে। চেহারায় ব্যাপক পরিবর্তন আনার কারণে পুরোনো ছবির সঙ্গে তাঁর বর্তমান চেহারার মিল খুঁজে পাওয়া কঠিন ছিল। তবে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়, বোনের পরিচয়ে বসবাসকারী ওই ব্যক্তি আসলে পলাতক বাশার। প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সিভিল রেজিস্ট্রেশন ব্যবস্থায় নিজের নাম বা আইনি লিঙ্গ পরিবর্তন না করায় পরিচয় গোপনের বিষয়টি ধরা পড়ার পর তাকে পুরুষদের কারাগারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আরটিভি/এসআর
পুলিশের চোখ ফাঁকি দিতে আট বছর ধরে নারীর ছদ্মবেশে বাশার!
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
ইউরোপের বিভিন্ন দেশে বোমা হামলার ভুয়া হুমকিতে আতঙ্ক ছড়িয়েছে। 
বোমা হামলার হুমকিতে ইতালির ৩০০ স্কুল খালি, আতঙ্ক ইউরোপে
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জীবাশ্ম জ্বালানির আসক্তি ছাড়তে বিশ্বনেতাদের আহ্বান জাতিসংঘ মহাসচিবের