
ভারতের পশ্চিম মেদিনীপুরের শালবনিতে উদ্ধার হলো মা হাতি ও তার দুই শাবকের নিথর দেহ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শালবনি থানার পিরাকাটা রেঞ্জের হাড়তাড়া মাঠ এলাকা থেকে তিনটি হাতির দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন অধিদপ্তরের কর্মকর্তারা। মাঠে পাশাপাশি পড়েছিল তিনটি হাতির দেহ। মা হাতিটির সঙ্গে জড়িয়ে পড়ে ছিল তার দুই শাবক।
প্রাথমিকভাবে বন অধিদপ্তরের অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই তিনটি হাতির মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকা দিয়ে একটি হাতির দল যাওয়ার সময় চাষের জমিতে পানি দেওয়ার জন্য বসানো বিদ্যুৎচালিত পাম্পের তারের সংস্পর্শে আসে তারা। জমির উপর দিয়ে যাওয়া ওই বিদ্যুতের তার থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান।
তবে ঠিক কীভাবে তিনটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হলো, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে বন অধিদপ্তর। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
জঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যুর ঘটনা নতুন নয়। অভিযোগ রয়েছে, ফসল রক্ষার জন্য কোথাও কোথাও জমির চারপাশে বিদ্যুতের তার ব্যবহার করা হয়। অতীতেও এমন তারের সংস্পর্শে এসে হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে।
এবারের ঘটনায় জমির উপর দিয়ে যাওয়া পাম্পের বিদ্যুতের তারের ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখছেন বন কর্মকর্তারা।
সূত্র: আনন্দবাজার
আরটিভি/এসকে




