
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে নিজের বাসভবন থেকে দুর্গাপূজার মণ্ডপ উদ্বোধনে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ বছর বয়সী অনুসূয়া সাহা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ওই তরুণী তাকে ‘পিসি’ বলে সম্বোধন করে তার দিকে ছুটে যান। একপর্যায়ে তিনি মমতার শাড়ি ধরে টান দেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। পরে ওই নারীর কাছে একটি ছুরি পাওয়া গেছে বলেও দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। মমতার দিকে ছুটে যাওয়ার পর ওই নারী রাস্তায় শুয়ে পড়েন এবং গালিগালাজ করতে থাকেন। এ সময় উপস্থিত দলীয় কর্মীরা তাকে ধরে মাটিতে চেপে রাখেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তৃণমূলের রাজ্যসভার সংসদ সদস্য দোলা সেন অভিযোগ করেছেন, ওই নারী মাদকের প্রভাবে ছিলেন এবং তার হাতে একটি ছুরি ছিল। নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি পরিচয় দিয়ে তিনি ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বাসভবন থেকে বের হওয়ার সময় অনুসূয়া সাহা নামে ওই নারীর সঙ্গে তার মুখোমুখি অবস্থার সৃষ্টি হয় এবং তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ওই নারীকে আটক করেন।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরটিভি/এসকে


