
যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের রাজস্থান রাজ্য বিজেপির সভাপতি মদন রাঠোর। প্রতিবেশী দেশ হওয়ার যুক্তি তুলে ধরে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। তবে তার বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হলে পরে তিনি দাবি করেন, মন্তব্যটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
জনসভায় মদন রাঠোর বলেন, ‘আমাদের সবার বিষয়টি বোঝা প্রয়োজন। ভারতের প্রসঙ্গ এলে আমি বলব, যদি আজ আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা পাকিস্তানের পাশে থাকব। কারণ, তারা আমাদের প্রতিবেশী।’
তিনি আরও বলেন, ‘তবে যখন আমাদের নিজেদের মধ্যকার কোনো বিষয় সামনে আসে, তখন আমরা আমাদের ভারতের পাশে দাঁড়াই। তাই না? এটাই আমাদের বোঝা প্রয়োজন।’
রাঠোরের এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানের বিষয়ে তার অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মুহাম্মদ মন্তব্যটিকে ‘দেশবিরোধী’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, রাজস্থান বিজেপির সভাপতির বিরুদ্ধে দলটি কী ব্যবস্থা নেবে। পাকিস্তানের প্রতি বিজেপির ভালোবাসা আবারও প্রকাশ্যে এসেছে বলেও অভিযোগ করেন তিনি।
কংগ্রেসের জাতীয় সমন্বয়ক সন্দীপ গুপ্তও রাঠোরের বক্তব্যের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকার বক্তব্য বিজেপির পাকিস্তানপ্রীতিরই প্রকাশ।
এদিকে বিতর্কের মুখে মদন রাঠোর দাবি করেছেন, তার বক্তব্যের অংশবিশেষ কেটে প্রচার করা হয়েছে। তিনি বলেন, ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ ও দেশপ্রেমের প্রসঙ্গ টানতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার বক্তব্যের শেষের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
রাঠোরের এই মন্তব্য ও পরবর্তী ব্যাখ্যা নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
আরটিভি/এসকে


