
ভারতের আহমেদাবাদ থেকে হায়দরাবাদগামী একটি উড়োজাহাজে বোমা থাকার কথা বলে আতঙ্ক ছড়িয়েছে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী।
শিক্ষা সফর শেষে ফেরার পথে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দুষ্টুমি করে এমন কথা বলে সে।
এ ঘটনায় হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ অক্টোবর) এ ঘটনা ঘটে।
সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী শিক্ষা সফর শেষে সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে হায়দরাবাদে ফিরছিল। যাত্রাপথে সে সহপাঠীদের জানায়, তাদের বহন করা উড়োজাহাজে বোমা রয়েছে।
বিষয়টি জানতে পেরে কেবিন ক্রুর এক সদস্য পাইলটকে সতর্ক করেন। পরে উড়োজাহাজটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে শুরু হয় ব্যাপক নিরাপত্তা তল্লাশি।
তবে তল্লাশিতে সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি।
পুলিশ জানায়, পরে বিষয়টি ওই ছাত্রীর দুষ্টুমি বলে নিশ্চিত হওয়া যায়। সে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি।
পুলিশের এক কর্মকর্তা জানান, মেয়েটি না বুঝেই কথাটি বলেছিল। কাউকে হুমকি দেওয়া বা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য তার ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আরটিভি/ এসকেডি



