
ভারতের আসামের কাজীরাঙ্গাতে কনটেইনার ট্রাক ও মিনি বাসের ভয়াবহ সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
কাজিরাঙার কাছে রঙাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। পথে একটি ট্রাক সেটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসকেরা দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
গোলাঘাটের জ্যেষ্ঠ পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা পিটিআইকে জানান, প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে উদ্ধারকাজ চলার সময় বাস থেকে মরদেহ বের করা হয় এবং নিহতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছায়।
আহতদের চিকিৎসার জন্য কোহোরা মডেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ সুপার আরও বলেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল এবং পার্কের কাছে জারি করা গতিসীমা অমান্য করেছিল। তার ধারণা, মিনিবাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটির সঙ্গে একটি কনটেইনার ট্রাকের সংঘর্ষ হয়।
ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে।
এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, কাজিরাঙার এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা সবাইকে নাড়া দিয়েছে। স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই কঠিন সময়ে পুরো আসাম তাদের পাশে রয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আহতদের দ্রুত সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার। রাজ্যের মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন তিনি।
আরটিভি/এমএ




