
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং তার মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে।
ফোনকল ও হোয়াটসঅ্যাপ বার্তায় ৭ কোটি রুপি চাঁদা দাবি করা হয়েছে। দাবি পূরণ না করলে বাবা-মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
তিলক নগরের বিধায়ক জার্নাইল সিং বিষয়টি সামনে আনেন। তিনি দিল্লি পুলিশকে জানিয়েছেন, বিদেশের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন দাবি করা এক ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে তাকে ফোন ও হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান।
গত ৬ নভেম্বর পাঞ্জাবের মোহালি পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জার্নাইল সিং উল্লেখ করেন, ওই ব্যক্তি ৭ কোটি রুপি দাবি করেছেন। টাকা না দিলে অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতাকে হত্যার হুমকি দিয়েছেন।
এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) এবং তথ্যপ্রযুক্তি আইনে (আইটি অ্যাক্ট) মামলা করেছে মোহালি পুলিশ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তা সুনীল কুমারকে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, হুমকি দেওয়ার কাজে ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট প্রটোকল (আইপি) লগ এবং লোকেশন ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। একই সঙ্গে কেজরিওয়াল ও তার পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিধায়ক জার্নাইল সিং।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নেতৃত্বে পাঞ্জাবে ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি। কয়েক মাস পরই রাজ্যটিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে, চাঁদাবাজি, গুলিবর্ষণ ও পরিকল্পিত হত্যাকাণ্ডের বিভিন্ন ঘটনায় নাম জড়ানোর কারণে লরেন্স বিষ্ণোই গ্যাং ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানিয়েছে, কারাগারে থেকেও লরেন্স বিষ্ণোই গোল্ডি ব্রারসহ বিদেশে অবস্থানরত সহযোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে অপরাধী সিন্ডিকেট পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা স্থানীয় শুটার ও নিরাপদ আশ্রয়কেন্দ্র ব্যবহার করে এই চক্র অপরাধমূলক কর্মকাণ্ড চালায় বলে তদন্তে উঠে এসেছে।
তবে কেজরিওয়াল ও তার মেয়েকে হত্যার হুমকির ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সরাসরি সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া এখনো বাকি।
আরটিভি/এসকে



