
ভারতের মুম্বাইয়ে লোকাল ট্রেনে যৌন হয়রানির প্রতিবাদ করায় এক তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তরুণীর বাঁ হাত কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায় ১৬টি সেলাই দিতে হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৪ নভেম্বর) বরিভলি থেকে ভিরারের উদ্দেশে ছেড়ে যাওয়া লোকাল ট্রেনে উঠেছিলেন ওই তরুণী। নাইগাঁও স্টেশনের কাছে এক ব্যক্তি তাকে বারবার অশালীনভাবে স্পর্শ করেন। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে নিজের জুতা দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করেন তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়।
অভিযোগ অনুযায়ী, নাইগাঁও স্টেশনে ট্রেন পৌঁছানোর পরও ওই ব্যক্তি তরুণীকে হয়রানি করতে থাকেন। একপর্যায়ে তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে দুই বগির মাঝখানে পড়ে যান তরুণী। প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করার সময় ট্রেন চলতে শুরু করলে তার বা হাত চাকায় আটকে যায়। পরে পুলিশ সদস্য ও অন্য যাত্রীরা তাকে উদ্ধার করেন।
অভিযুক্তের নাম জিতেন্দ্র হিরমুখে (৫৩)। তিনি নাইগাঁও ইস্ট এলাকার বাসিন্দা। ঘটনার পর পালিয়ে গেলেও ৯ নভেম্বর তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, অভিযুক্তের বিরুদ্ধে হত্যাচেষ্টার ধারা যুক্ত না করায় পুলিশের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার। পরে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) নেতারা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় ধারা যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
আরটিভি/ এসকেডি


