
বসনিয়া ও হার্জেগোভিনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দেশটির ব্রচকো জেলার গোরিচে গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে দুজন ইতালীয় সেনাবাহিনীর সদস্য এবং বাকি দুজন ইতালীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবী সামরিক বাহিনীর সদস্য। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট ১৫ জন আরোহী ছিলেন। আহত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানানো হয়েছে।
ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, গোরিচে গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে হেলিকপ্টারটিকে মাটিতে উল্টে পড়ে থাকতে এবং এর বিভিন্ন অংশ ভেঙে যেতে দেখা গেছে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের স্বজন ও মিশনে নিয়োজিত সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বিধ্বস্ত হেলিকপ্টারটি ইউরোপীয় ইউনিয়নের পরিচালিত ‘অপারেশন আলথিয়া’র অংশ হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনায় মোতায়েন ছিল। ডেটন শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়টি তদারকি করা এ মিশনের মূল দায়িত্ব।
আরটিভি/এসকে



