
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কুরআন, বাইবেলসহ বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক বই পড়ে সময় কাটাচ্ছেন। পাশাপাশি আধ্যাত্মিকতা নিয়ে আগ্রহ বাড়ায় একজন খ্রিষ্টান যাজক ও একজন ইহুদি রাব্বির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কারাগারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও মাদুরোর অভিজ্ঞতা সম্পর্কে অবগত কয়েকজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিকতার প্রতি মাদুরোর আগ্রহ দীর্ঘদিনের। তবে কারাগারে বন্দি হওয়ার পর ধর্মীয় বিষয়ের প্রতি তার আগ্রহ আরও গভীর হয়েছে। কারারক্ষী ও কারাগারের চ্যাপলেইনদের সঙ্গেও ধর্মীয় বিষয় নিয়ে কথা বলছেন তিনি।
এর আগে জনসমক্ষে নিজের ইহুদি বংশপরিচয়ের কথা জানিয়েছিলেন মাদুরো। তিনি দাবি করেছিলেন, তার পূর্বপুরুষেরা ডাচ অ্যান্টিলিস থেকে ভেনেজুয়েলায় আসা সেফার্ডিক ইহুদি সম্প্রদায়ের সদস্য ছিলেন। তবে তার ঘনিষ্ঠজনদের দাবি, গ্রেপ্তারের আগে ইহুদি ধর্মের প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না তার।
রাজনৈতিক জীবনেও ধর্মকে গুরুত্ব দিয়েছেন মাদুরো। ভেনেজুয়েলার ক্রমবর্ধমান ইভাঞ্জেলিক্যাল খ্রিষ্টান জনগোষ্ঠীর সমর্থন পেতে চেষ্টা করেছিলেন তিনি। এ ছাড়া একসময় একজন ক্যাথলিক ধর্মগুরুর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। মাদুরো, তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং তার উত্তরসূরি দেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত আধ্যাত্মিক গুরু সত্য সাই বাবার অনুসারী ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন মাদুরো। প্রায় ১ হাজার ৩০০ বন্দির ধারণক্ষমতাসম্পন্ন এই কারাগারের যে ব্লকে তাকে রাখা হয়েছে, সেখানে আগে স্যাম ব্যাংকম্যান-ফ্রিড, লুইজি মানজিওনের মতো আলোচিত বন্দিরাও ছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারে সহযোগিতাসহ একাধিক অভিযোগে মাদুরোর বিরুদ্ধে আগামী বছর বিচার শুরু হওয়ার কথা রয়েছে। একই অভিযোগে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
আরটিভি/এসকে


