
তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচন চলছে। মেয়র, কাউন্সিলরসহ বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। এবারের নির্বাচনে রাজধানী তাইপেসহ গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে ক্ষমতাসীন ও বিরোধী দলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সন্ধ্যার মধ্যেই প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
স্কুল, মন্দির ও কমিউনিটি সেন্টারে স্থাপিত ভোটকেন্দ্রগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা। এবারের নির্বাচনে স্থানীয় সরকারের প্রায় ১১ হাজার পদে প্রতিনিধি নির্বাচিত হবেন। মোট ৯ ধরনের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় এ নির্বাচনকে বলা হচ্ছে ‘নাইন-ইন-ওয়ান’ নির্বাচন।
তাইপেতে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা
নির্বাচনে সবচেয়ে বেশি নজর রাজধানী তাইপের মেয়র পদের দিকে। দীর্ঘদিন ধরেই শহরটি বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এখানে বর্তমান মেয়র ও কেএমটির প্রার্থী চিয়াং ওয়ান-আনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন।
আগের নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছিলেন চিয়াং। ভবিষ্যতে তাকে তাইওয়ানের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে। তবে এবারের নির্বাচনে তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে।
অন্যদিকে, একাডেমিক থেকে রাজনীতিতে আসা পুমা শেন চীনের তথ্যযুদ্ধ ও অপপ্রচারবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তার কঠোর সমালোচনা করেছে বেইজিং। এমনকি চীনা পুলিশ তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ অভিযোগে খুঁজছে বলেও দাবি করেছে।
নির্বাচনের শুরুর দিকে পিছিয়ে থাকলেও প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছেন শেন। তার নির্বাচনী সমাবেশগুলোতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাদার রাজনৈতিক বিশ্লেষক অস্টিন ওয়াংয়ের মতে, কেএমটির শক্ত ঘাঁটি তাইপেতে শেনের জয় বেইজিংয়ের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।
অন্যদিকে, চিয়াং তার সমর্থকদের বলেছেন, এবারের মেয়র নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং দুই প্রার্থীর মধ্যে ব্যবধান খুবই কম।
নির্বাচনের শেষ মুহূর্তে যানজটের আশঙ্কায় বড় সমাবেশ বাতিল করেন পুমা শেন। এর পরিবর্তে অনলাইনে প্রচার অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। ইউটিউবে সরাসরি সম্প্রচারিত ওই অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি দর্শক যুক্ত হন।
এদিকে, ক্ষমতাসীন ডিপিপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে। প্রতিবেশী নিউ তাইপে সিটিতে এক সমাবেশে তিনি দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে নিউ তাইপে ও কাওশিউং
তাইপের পাশাপাশি এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জনবহুল নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর কাওশিউংয়ের মেয়র নির্বাচন।
নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির হলেও কাওশিউংয়ের মেয়র পদটি ডিপিপির দখলে রয়েছে। ফলে এই দুই শহরের নির্বাচনী ফলাফলের দিকেও বিশেষ নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকারের প্রায় ১১ হাজার পদে কোন দল কতটা সাফল্য পায়, তার প্রভাব পড়তে পারে তাইওয়ানের জাতীয় রাজনীতিতেও। বিশেষ করে গুরুত্বপূর্ণ শহরগুলোর ফলাফল দেশটির রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেবে।
তথ্যসূত্র: আল জাজিরা
আরটিভি/এসকে



